নলডাঙ্গা-তাহেরপুর সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার ব্যস্ততম নলডাঙ্গা-তাহেরপুর সড়কটি বর্তমানে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের মাত্র তিন বছরের মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।নাটোরের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ২০০৩-০৪ অর্থবছরে অগ্রাধিকার প্রকল্পের আওতায় তিন দফায় ৬৮ লাখ টাকা ব্যয়ে প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের নলডাঙ্গা-তাহেরপুর সড়কটি নির্মাণ করা হয়। এলজিইডির তত্ত্বাবধানে নির্মাণের মাত্র তিন বছরের মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে পিচ কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। বিষয়টি এলজিইডিকে জানালে ২০০৭-০৮ অর্থবছরে রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় তিন লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে দুই হাজার ৫০ মিটার সড়কের সংস্কার করা হয়। সংস্কারের মাত্র তিন বছরের মাথায় আবারও সড়কটির বিভিন্ন স্থানে পিচ কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এদিকে রাস্তা ভাঙাচোরা হওয়ার কারণে চলাচলকারী যানবাহন প্রায় নষ্ট হয়ে পড়ছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় যানবাহন-মালিকদের অনেকেই এই সড়কে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন।ফাতেমা বাসের চালক আবদুর রশিদ বলেন, ‘রাস্তা ভাঙাচোরা হওয়ায় প্রতিদিনই বাস নষ্ট হচ্ছিল। মেরামত বাবদ খরচ বেড়ে যাওয়ায় বাস বন্ধ করে দিয়েছি।’শ্যালো গাড়ির চালক আসলাম আলী জানান, সড়কটি বর্তমানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় মালিকদের অনেকেই তাঁদের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। স্থানীয় শিক্ষার্থীরা জানায়, সড়কের বেহাল দশার কারণে এখন তারা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান আলী এসব সমস্যার কথা স্বীকার করে জানান, নাটোরে অগ্রাধিকার প্রকল্পের আওতায় সীমিত বরাদ্দ দেওয়া হয়। তবু এ বরাদ্দ থেকে খুব শিগগির রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।