নলডাঙ্গা পৌরসভার মেয়রকে অপসারণ
ব্যাংক ড্রাফট জালিয়াতির আলামত পুড়িয়ে নষ্ট করা এবং অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা না করার অভিযোগে নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র আব্বাছ আলীকে অপসারণ করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত বৃহস্পতিবার অপসারণের এই আদেশ কার্যকর করেন।নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে নলডাঙ্গা পৌরসভার ১৩টি উন্নয়নমূলক কাজের জন্য জমা দেওয়া ৯৯টি দরপত্রে জাল ব্যাংক ড্রাফট সংযুক্ত করা হয়। স্থানীয় ঠিকাদার নাজমুল হোসেন এ ব্যাপারে পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ করেন। পৌরসভার তিন সদস্যের একটি কমিটি ওই অভিযোগ তদন্ত করে সত্যতা পায়। একই সঙ্গে নাটোর সদরের ইউএনও মোস্তাক আহম্মেদও বিষয়টি তদন্ত করে সত্যতা পান।এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর মেয়র আব্বাছ আলীকে তাঁর পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। মন্ত্রণালয়ের লিখিত সিদ্ধান্ত গত বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসকের কার্যালয় হয়ে ইউএনওর কার্যালয়ে আসে। এর পরই ইউএনও চিঠির মাধ্যমে মেয়রকে অপসারণের বিষয়টি জানিয়ে দেন। পৌর মেয়র আব্বাছ আলী বলেন, ‘আমি এ ধরনের কোনো চিঠি এখনো হাতে পাইনি। তবে শুনেছি। এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। আমি আদালতের আশ্রয় নিব।’