নলডাঙ্গায় কেন্দ্রে যেতে বিএনপির সমর্থকদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় গতকাল সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা৷ আর নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন কোনো সহিংসতা ছাড়াই শেষ হয়েছে৷
নলডাঙ্গার প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র ছিল পিপরুল ইউনিয়নের পাটুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাশের আশ্রাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র৷ সকাল থেকে এই দুটি কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে পাটুল বাজার ও মাদ্রাসা মোড়ে বাধা সৃষ্টি করেন৷
মাদ্রাসা মোড়ের আবদুল হাকিম জানান, ‘পিপরুল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শাহজালাল দেওয়ানের নেতৃত্বে পাটুল পূর্ব পাড়া ও হেজাতি পাড়ার মহিলা ভোটারদেরসহ আমাকে ভোট কেন্দ্রে যেতে না দিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছেন৷ আমরা বিএনপি-সমর্থক৷ তাঁদের ধারণা, আমরা ভোটকেন্দ্রে গেলে তাঁদের প্রার্থীর ভোট কমে যাবে৷’ সাংবাদিকদের পাশাপাশি তাঁরা উপস্থিত সেনাসদস্যদের কাছেও ভোট দিতে যেতে না দেওয়ার অভিযোগ করেন৷ তাঁদের অভিযোগের সত্যতা পেয়ে সেনাসদস্যরা পাটুল বাজার মোড় থেকে আওয়ামী লীগের নলডাঙ্গা উপজেলার সহসভাপতি জিয়াউল হক, পিপরুল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শাহজালাল দেওয়ান, আবদুল্লাহ আজিজ, সোহেল রানা, আনোয়ার হোসেন ও আবুল কালাম আজাদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন৷ ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন৷
আশ্রাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে মাত্র ৬০ শতাংশ ভোট পড়েছে৷ এর আগে এই কেন্দ্রে ভোট গ্রহণের হার ছিল ৮০ শতাংশের বেশি৷’
এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে৷ সিটি করপোরেশনের এলাকা বাদে মদনপুর, বন্দর, মুছাপুর, ধামগড় ও কলাগাছিয়া ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত৷ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে৷ তবে সরেজমিন কয়েকটি কেন্দ্রে গিয়ে খুবই কম ভোটার উপস্থিতি দেখা গেছে৷ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দু্জন ও বিএনপির দুজনসহ মোট আটজন এবং ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন৷