নলভোগের সড়কে চলা দায়

উত্তরার হরিরামপুর ইউনিয়ন পরিষদের নলভোগ মূল সড়কটির পুরোটাই ভেঙে গেছে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কে কোথাও কার্পেটিং নেই। এর ফলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে এলাকার প্রায় ৫০ হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় সেতুসংলগ্ন নলভোগ মূল সড়ক শেষ হয়েছে নয়ানগর নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাসংলগ্ন তিন রাস্তার মোড়ে। প্রায় দুই কিলোমিটারের সড়কটির পুরোটাই ভেঙে গেছে। কার্পেটিং উঠে গিয়ে জায়গায় জায়গায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইট, সুরকিতে ভরা এবড়োখেবড়ো অবস্থা। সবচেয়ে খারাপ অবস্থা নলভোগ তিন রাস্তার মোড় বাজারের সামনে। এখানে রাস্তা ভেঙে সৃষ্টি হওয়া বড় গর্তগুলো যেন একেকটি ডোবা। জমে আছে থিকথিকে কাদামিশ্রিত পানি। যানবাহনগুলোও চলছে খুব ধীরে। রাস্তা ছেড়ে লোকজন হাঁটছে দোকানের সামনের অংশের জায়গা দিয়ে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় বছর পাঁচেক আগে সড়কটি নির্মাণ করা হয়। নির্মাণের দুই বছরের মধ্যেই এটি বেহাল হয়ে পড়ে। এরপর সড়কটিতে ইট-বালু ফেলা ছাড়া তেমন আর সংস্কার করা হয়নি। তাই সড়কটির এ অবস্থা। স্থায়ী বাসিন্দাদের অনেকেই জানালেন, ব্যাটারিচালিত রিকশা কিংবা অটোরিকশায় যাতায়াতের সময় এত ঝাঁকুনি লাগে যে ছিটকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়।
উত্তরা হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নলভোগের বাসিন্দা জেরিন তো অনেক আক্ষেপের সুরেই জানাল, ‘আমাদের জনপ্রতিনিধিরা পাঁচ বছরে একটি রাস্তা সংস্কারের কাজ করতে পারে না, তাদের কাছে আর কি-বা আশা করব।’
শুধু নলভোগ মূল সড়ক নয়, নলভোগের অভ্যন্তরীণ হাজীবাড়ি সড়ক, মৌলভিবাড়ি জামে মসজিদ সড়ক, কবরস্থান তিন রাস্তার মোড় সড়কগুলোর অবস্থাও খুব খারাপ। এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কগুলোর এ অবস্থা। বৃষ্টি মৌসুমেই সড়কের বেশি ক্ষতি হয়। কিন্তু পরে আর সড়ক সংস্কার করা হয় না।
এদিকে সড়কের এই বেহাল দশায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ভোগান্তিতে আছেন নলভোগে গড়ে ওঠা কাঁকড়া রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। নলভোগে প্রায় ৭০-৮০ টির মতো কাঁকড়া প্যাকিংয়ের প্রতিষ্ঠান আছে। প্রতিদিন ঢাকার বাইরে থেকে কাঁকড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। প্রক্রিয়াজাত করে পাঠিয়ে দেন বিদেশে। কিন্তু সড়কটি বেহাল হওয়ায় কাঁকড়া বহনকারী গাড়ি প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আটকে যায়। তখন রেকার এনে তুলতে হয়।
বাংলাদেশ লাইভ অ্যান্ড চিল্ডফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব হাবিবুর রহমান মৃধা বলেন, প্রতিবছর অ্যাসোসিয়েশনের প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫ থেকে ১০ হাজার করে টাকা তুলে লক্ষাধিক টাকা জনপ্রতিনিধির হাতে দেওয়া হয়। তখন সড়কে সৃষ্ট হয়ে যাওয়া বড় গর্তগুলোতে ইট, সুরকি, বালু ফেলে সাময়িকভাবে মেরামত করা হয়। পরে আবার রাস্তা খারাপ হয়ে পড়ে। এতে এখানকার ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন।
সড়কটি নিয়ে হরিরামপুর ইউনিয়নের সদস্য কফিল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের অবস্থা খুব খারাপ। আমরা আলোর ভেতরে থেকেও অন্ধকারে আছি।’ রাস্তা দ্রুত নষ্ট হওয়ার কারণ হিসেবে ড্রেনেজ সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ড্রেন যদি নির্মাণ না করা হয় তাহলে রাস্তা যত ভালো করেই নির্মাণ করা হোক না কেন, সেটি টিকবে না।’