নলুয়ার হাওরের ফসল রক্ষায় ৫০০ মিটার নদী খননের দাবি
সুনামগঞ্জের জগন্নাথপুর ও দিরাই উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষায় ৫০০ মিটার নদী খননের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। গত সোমবার জগন্নাথপুর উপজেলা হাওরের ফসল রক্ষা তদারক কমিটির সভায় কৃষক প্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কাছে এ দাবি করেন।কৃষকদের দাবি, নলুয়ার হাওরের ভূরাখালী থেকে তেলইতল পর্যন্ত কামারখালী নদীর ৫০০ মিটার খনন করলে পাউবোর প্রতিবছর আট কিলোমিটার বেড়িবাঁধ মেরামত করতে হবে না। এতে একদিকে সরকারি অর্থের অপচয় রোধ হবে, অন্যদিকে নলুয়ার হাওরসহ দিরাই উপজেলার কচুয়ারানী ও চাতল বিল হাওরের ফসলও রক্ষা পাবে।দিরাই উপজেলার রাজনগর গ্রামের কৃষক সিরাজ মিয়া বলেন, নিচু এলাকার কারণে ওই আট কিলোমিটার বেড়িবাঁধ প্রতিবছর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। অকালবন্যা কিংবা সামান্য বৃষ্টি হলেই ওই বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে দুই উপজেলার ফসলহানি ঘটে।চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ মিয়া বলেন, ‘আমাদের এ দাবি বাস্তবায়নের জন্য দুই উপজেলার কৃষকদের নিয়ে দুই বছর ধরে পাউবোর কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করে আসছি। তাঁরা আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না।’জগন্নাথপুর উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ‘জগন্নাথপুর ও দিরাই উপজেলার কৃষকদের এ দাবি বাস্তবায়নে পাউবোর পাশাপাশি স্থানীয় সাংসদকে অবহিত করেছি। আশা করছি, সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি হাওরের ফসল রক্ষায় তাঁরা পদক্ষেপ নেবেন।’উপজেলা হাওর বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির সদস্য মুক্তাদীর আহমদ জানান, কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছর পাউবোর কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে হাওর পরিদর্শন করে নদীটি খননের জন্য পাউবোর জলবায়ু তহবিলে একটি প্রস্তাব পাঠানো হয়। কিন্তু সেটি বাস্তবায়নে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাউবোর সুনামগঞ্জ দপ্তরের মাঠ কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, দুই উপজেলার কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। এটি অনুমোদিত হলেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হাই বলেন, ‘আমি এ জেলায় নতুন এসেছি। আমার জানামতে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’