নলুয়ারমুখ-কালারবাজার ভাঙনের হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নলুয়ারমুখ-কালারবাজারের অনেক দোকান কুশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তোলা ছবি ।  প্রথম আলো
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নলুয়ারমুখ-কালারবাজারের অনেক দোকান কুশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সম্প্রতি তোলা ছবি । প্রথম আলো

কুশিয়ারা নদীর ভাঙনে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নলুয়ারমুখ-কালারবাজার নদীগর্ভে বিলীন হওয়ার পথে। গত এক দশকে বাজারের অর্ধশতাধিক কাঁচা ও পাকা দোকান নদীতে বিলীন হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুশিয়ারার ভাঙন অব্যাহত রয়েছে। অনেক দোকানের ভিটার মাটি ধসে পড়ায় সেগুলো নদীর পাড়ে লম্বা খুঁটির ওপর ভর করে আছে।
বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, উত্তরভাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কুশিয়ারা নদীর তীরে প্রায় ৫০ বছর আগে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জায়গায় নলুয়ারমুখ-কালারবাজার গড়ে ওঠে। কিন্তু বছর দশেক আগে থেকে বাজার এলাকায় কুশিয়ারা নদীর ভাঙন শুরু হয়। অব্যাহত ভাঙনে বাজারের অর্ধশতাধিক কাঁচা-পাকা দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বাজারে ৩৬ শতক সরকারি জমি ছিল। তার পুরোটাই নদীগর্ভে চলে গেছে। এখন বাজারের যে অংশটুকু অবশিষ্ট আছে, এর সবটাই ব্যক্তিমালিকানাধীন। বাজারে স্থায়ী প্রায় ২০০ এবং ভ্রাম্যমাণ শতাধিক ব্যবসায়ী আছেন। শুক্র ও শনিবার স্থানীয় হাটবারে এলাকার বিভিন্ন জায়গা থেকে মৌসুমি পণ্য নিয়ে আরও অনেক বিক্রেতা আসেন। কিন্তু ভাঙনের কারণে ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে পড়েছেন। ভাঙনে ভিটার মাটি ধসে পড়ায় অনেক দোকানঘর এখন নদীর কিনারে লম্বা খুঁটির ওপর ভর করে আছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ৩০টি দোকান। যেকোনো মুহূর্তে এসব দোকানঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। খুঁটির ওপর থাকা আরেকটি দোকানঘর ১৬ ফেব্রুয়ারি নদীতে তলিয়ে গেছে।
বাজার এলাকার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে নলুয়ারমুখ-কালারবাজার বণিক সমিতি গত ২৬ জানুয়ারি মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, কয়েক বছরে কুশিয়ারার ভাঙনে নলুয়ারমুখ-কালারবাজারের অনেক দোকানপাট বিলীন হয়ে গেছে। আগামী বর্ষা মৌসুমের আগে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা না নিলে বাজারের আরও অনেক দোকান নদীগর্ভে চলে যাবে। ভাঙন রোধের দাবিতে বণিক সমিতি ভাঙন এলাকায় ৫ ফেব্রুয়ারি মানববন্ধন করে।
নলুয়ারমুখ-কালারবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলিম বলেন, ১০ বছরে বাজারের অর্ধেক ভেঙে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পর্যন্ত এখানে কোনো কাজ হয়নি।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বলেন, ভাঙন রোধ করা না হলে বাজারসংলগ্ন মনু নদ প্রকল্পের বাঁধ ভেঙে কয়েক হাজার একর ফসলি জমি বন্যাকবলিত হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী বলেন, প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হবে।