নলেন পাটালির খ্যাতি অক্ষুণ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। গত শুক্রবার বেলা ১১ টায় তোলা ছবি l প্রথম আলো
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। গত শুক্রবার বেলা ১১ টায় তোলা ছবি l প্রথম আলো

স্বাদে ও গন্ধে এখানকার গুড় অতুলনীয়। নলেন পাটালির খ্যাতি এখনো কমেনি। এ গুড় কিনতে মানুষের ভিড়ের কমতি নেই চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাটে।
খেজুরগাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তৈরি ঝোলাগুড় ও নলেন পাটালি বেচাকেনার জন্য এই হাটের ঐতিহ্য কয়েক শ বছরের। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জে চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়ক ঘেঁষে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ হাটের অবস্থান। সপ্তাহের প্রতি সোম ও শুক্রবার হাট বসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা।
বাজার কমিটির সভাপতি এম আবদুল্লাহ শেখ বলেন, এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনাসহ দেশের বড় বড় মোকামে গুড় যায়। প্রতি হাটের দিন গড়ে ২৫০ টন খেজুর গুড় বিক্রি হয়। যার বিক্রয়মূল্য প্রায় ২ কোটি টাকা। মৌসুমে এই হাটে হাজারো মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবছর শীত মৌসুমে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর গুড়ের আমদানি এবং বেচাকেনা হয় এই হাটে। স্বাদে ও গন্ধে এখানকার গুড় অতুলনীয়। মৌসুমের প্রায় পুরো সময়জুড়েই হাজারো ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে এই হাট। স্থানীয় পাইকার, মহাজন এবং বিভিন্ন মোকাম থেকে আসা ব্যাপারীরা এমনটাই দাবি করেন।
গত শুক্রবার সকাল নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে সাজানো খেজুর গুড়ভর্তি মাটির ভাঁড় (কলস) ও ছোট ছোট ধামা-কাঠায় (বেতের তৈরি ঝুড়ি) নলেন পাটালি। ক্রেতা-বিক্রেতারা তা দাঁড়িয়ে দেখছেন। দরদাম ঠিক হলে ওজন করে ট্রাকভর্তি করা হচ্ছে। আবার কেউ কেউ নিজের বাড়ি বা আত্মীয়ের বাড়ি পাঠানোর জন্য চাহিদা অনুযায়ী কিনছেন। হাটের প্রবেশপথের দুধারে বসে কৃষকেরা ধামা-কাঠায় করে তাঁদের বাড়িতে তৈরি পাটালি বিক্রি করছেন। গুড়ের মাতাল করা মিষ্টি ঘ্রাণে মন ভরে যায়। জানতে চাইলে বিক্রেতা খেজুরতলা গ্রামের জয়নাল হোসেন এক টুকরো পাটালি ভেঙে প্রতিবেদকের হাতে দিয়ে আগে খেয়ে দেখতে বলেন। পাটালির টুকরো মুখে পুরতেই স্বাদে ও ঘ্রাণে অদ্ভুত রকমের ভালো লাগায় চোখ বুজে আসে। জয়নাল বলেন, ‘দামদর না কল্লি পোত্যেক কেজি ১০০ ট্যাকা রাকা যাবেনে।’ তিনি জানান, মৌসুমের শুরুতে এ ধরনের পাটালি প্রতি কেজি ১৩০ টাকা দরে বিক্রি করেছেন। গত কয়েক হাটে আমদানি বেড়ে যাওয়ায় দাম কমেছে। স্বাদ ও ঘ্রাণের কারণে লোভ সামলাতে না পেরে এই প্রতিবেদকও কয়েক কেজি পাটালি কেনেন।
পাটালির দোকান পার হয়ে ভেতরে যত যাওয়া যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে ততই চোখে পড়ে সারি সারি সাজানো গুড়ের ভাঁড়। সেই সঙ্গে ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকদের কর্মযজ্ঞ। এদিন সকাল ১০টার আগেই পাঁচটি ট্রাকে গুড়ের ভাঁড় তুলে সাজানো সম্পন্ন হয়েছে। আশপাশে একাধিক স্থানে দাঁড়িপাল্লায় গুড় মেপে আরও ২০টি ট্রাক সাজানোর কাজ চলছে।
স্থানীয় পাইকার জহিরুল ইসলাম বললেন, আগের হাটের তুলনায় শুক্রবার গুড়ের দাম কিছুটা কমেছে। এদিন ১২ থেকে ১৪ কেজি ওজনের এক জোড়া গুড়ের ভাঁড় ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি দাবি করেন, সরোজগঞ্জ হাটে বিক্রি হওয়া বেশির ভাগ গুড়ই এলাকার কৃষকেরা বাড়িতে যত্নের সঙ্গে তৈরি করেন। এতে চিনি বা কোনো রাসায়নিক নেই। কিছুটা খয়েরি রঙের হলেও এসব গুড় পুরোটাই খাঁটি।
সিলেট থেকে আসা আলমগীর হোসেন চৌধুরী নামের এক ব্যাপারী বললেন, দেশের অন্যান্য হাটে এখানকার চেয়ে কম দামে গুড় পাওয়া যায়। তবে, সেসব গুড়ে চিনি মেশানো থাকে বলে প্রকৃত ব্যবসায়ীরা কেউ তা কেনেন না। বেশি দাম জেনেও ব্যাপারীরা ভালো গুড় কিনতে সরোজগঞ্জেই ছুটে আসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে বর্তমানে এ জেলায় ৩ লাখ ৫০ হাজারের মতো খেজুরগাছ রয়েছে। যার প্রায় অর্ধেকই সদর উপজেলায়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর বলেন, ‘মৌসুমে প্রতিটি গাছ থেকে অন্তত ১০ কেজি গুড় পাওয়া যায়। সে হিসাবে প্রতিবছর ৩ হাজার ৫০০ মেট্রিক টন গুড় উৎপাদিত হয়। সরোজগঞ্জ হাট খেজুর গুড়ের প্রধান মোকাম। এ ছাড়া সদর উপজেলার জয়রামপুর ও জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় পাইকারি গুড় বিক্রি হয়ে থাকে।’ বেসরকারি হিসেবে গুড় উৎপাদনের পরিমাণ আরও বেশি।