নষ্ট করা হলো কার্বাইড মেশানো ১০ হাজার কেজি আম
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে আমের আড়তে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড মেশানো ১০ হাজার কেজি আম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাতে জব্দ করা ওই আম বড়াইগ্রাম থানায় এনে নষ্ট করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, সোমবার গভীর রাতে পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল আহম্মদপুর বাজারের ফোর স্টার আমের আড়তে অভিযান চালায়। এ সময় আড়তের লোকজন কাঁচা আমে ক্যালসিয়াম কার্বাইড ছিটাচ্ছিলেন। কৃত্তিমভাবে সেই আম পাকিয়ে ঢাকার বিভিন্ন আড়তে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। এঁরা হলেন কেঁচুয়াকোড়া গ্রামের জিন্নাত আলী (৬০), গুরুদাসপুরের কান্দাইলের আনোয়ার হোসেন (৩৬), নওপাড়ার শামসুল হক (৩৫) ও নারায়ণপুর গ্রামের রবিউল ইসলাম। একইসঙ্গে পুলিশ ওই আড়ত থেকে আম পাকানোর সরঞ্জাম জব্দ করে। পরে ট্রাকে করে জব্দ করা আম ও সরঞ্জাম বড়াইগ্রাম থানায় এনে নষ্ট করে ফেলা হয়। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া জিন্নাত আলী দাবি করেন, ক্ষতিকর কিছু আমে মেশাননি তাঁরা। আমগুলো ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছিল। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কার্বাইডমিশ্রিত আম খেলে বদ হজম, পাতলা পায়খানা হতে পারে। দীর্ঘদিন খেলে জন্ডিস থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে।পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত কয়েকদিন ধরে ওই আড়ৎ থেকে কার্বাইড দিয়ে আম পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে মধ্যরাতে আমরা অভিযান চালাই।’ ফরিদপুরেও আমের আড়তে কার্বাইডফরিদপুর অফিস জানায়, ফরিদপুরের চরভদ্রাশন উপজেলা সদর বাজারের দর্জি মার্কেটের পাশে শেখ ইদ্রিসের ফলের আড়ত থেকে গত সোমবার সকালে স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র অভিযান চালিয়ে আম পাকানোর কাজে ব্যবহূত ৫০০ গ্রাম ওজনের ক্যালসিয়াম কার্বাইড জব্দ করেন। পরে তা ধ্বংস করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মৌসুমের শুরুতে তিনি নেত্রকোনা থেকে প্রায় ২০০ মণ আম এনে উপজেলায় গুদামজাত করেন।