নষ্ট না হলে ডিজিটাল মিটার নয়
রাজশাহীতে বিদ্যুতের অ্যানালগ মিটার খুলে নিয়ে গ্রাহককে আর ডিজিটাল মিটার লাগাতে বাধ্য করা যাবে না। অ্যানালগ মিটার নষ্ট হলেই তার স্থলে ডিজিটাল লাগানো হবে। গত শনিবার রাজশাহীতে ‘একফেজ ডিজিটাল মিটার ডেমোনস্ট্রেশন’ কার্যক্রম অনুষ্ঠানে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একজন অধ্যাপককে দিয়ে ডিজিটাল মিটার পরীক্ষা করানো হয়। অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকেরা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে রাজশাহীতে বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের বিভিন্নভাবে চাপ দিয়ে ডিজিটাল মিটার লাগাতে বাধ্য করছে। তাঁরা এই মিটারের তীব্র বিরোধিতা করে বলেন, বিদ্যুৎ বিভাগের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা কমিশন বাণিজ্যের উদ্দেশ্যে গ্রাহকদের কাছে ডিজিটাল মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অনুষ্ঠানে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি-বাংলাদেশের সভাপতি লিয়াকত আলী বলেন, তাঁর একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আগে বিদ্যুৎ বিল আসত সাত হাজার টাকা। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের চাপের মুখে ডিটিজাল মিটার লাগিয়ে এখন তাঁকে বিল পরিশোধ করতে হচ্ছে ২৭ হাজার থেকে ৩০ হাজার টাকা। এই ভৌতিক বিলের পেছনে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জানান, তিনি খোঁজ নিয়ে দেখেছেন, ময়মনসিংহ ও বগুড়ায় এই ডিজিটাল মিটার প্রত্যাখ্যাত হয়েছে। মিটার ভালো হলে গ্রাহকেরা স্বাগত জানাত। প্রধান অতিথি সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, মন্ত্রণালয়েই সিদ্ধান্ত হয়েছে যে মিটারটি নষ্ট হবে, তার স্থলে ডিজিটাল মিটার লাগাতে হবে। ভালো অ্যানালগ মিটার ফেলে দিয়ে ডিজিটাল মিটার লাগাতে হবে না। এখন থেকে রাজশাহীতেও তাই করা হবে।