নষ্ট সিটি স্ক্যান নিয়ে চার বছর ধরে গড়িমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান যন্ত্রটি চার বছর ধরে নষ্ট। রোগীরা হাসপাতালের আশপাশের রোগনির্ণয় কেন্দ্রে গিয়ে সিটি স্ক্যান করান। এ জন্য তাঁদের বাড়তি খরচা করতে হয়। আর হাসপাতালের নষ্ট যন্ত্রটি মেরামতের নামে চার বছর ধরে রহস্যজনক চিঠি চালাচালি চলছে।
কর্তৃপক্ষ বলছে, তারা অচিরেই আরও একটি নতুন যন্ত্র পেতে যাচ্ছে।
হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) কিংবা মাথায় আঘাতজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় যেসব রোগী হাসপাতালে আসে, তাদের সিটি স্ক্যান করাতে হয়। ভ্যানে করে বাইরের ক্লিনিকে নেওয়ার সময় রোগীর শরীরে স্যালাইন চলতে থাকে। চলমান ভ্যানের ওপর রোগীর স্বজনেরা স্যালাইনের ব্যাগ উঁচু করে ধরে পাশাপাশি হেঁটে যান।
চিকিৎসকেরা জানান, সাধারণত এ ধরনের রোগীকে হাসপাতালের বাইরে এভাবে টেনে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করানো অনেক ঝুঁকিপূর্ণ। হাসপাতালে এই পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে দুই হাজার টাকা বিল নেওয়া হতো। বাইরে নেওয়া হয় আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা। সিটি স্ক্যান করা যায় এমন কয়েকটি রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) হাসপাতালের ফটকের আধা কিলোমিটারের মধ্যেই রয়েছে। বেসরকারি সেসব রোগনির্ণয় কেন্দ্রে যাওয়ার জন্য রোগীকে ভ্যানে তুললেই ভ্যানের ভাড়া চার গুণ হয়ে যায়।
সম্প্রতি কথা হয় গোদাগাড়ী উপজেলার হাসিবুল কাজলের সঙ্গে। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে তাঁর আত্মীয় আবুল কালাম (৩৭) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ২৮ দিন অচেতন থাকার পর মারা যান। তিনি বলেন, এ রকম একজন রোগীকেও হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে সিটি স্ক্যান করাতে হয়েছে। তিনি দুঃখ করে বলেন, দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে এত বড় হাসপাতাল আর নেই। সেখানে সিটি স্ক্যানের মতো একটি যন্ত্র নেই—ভাবাই যায় না। রেডিওলজি ও ইমেজিং বিভাগ সূত্র আরও জানায়, সিটি স্ক্যান যন্ত্রটি ২০০৫ সালের শুরুর দিকে কেনা হয়। যন্ত্রটি ২০১১ সালের আগস্ট মাসের দিকে নষ্ট হয়ে যায়। সরবরাহকারী প্রতিষ্ঠান সে সময় যন্ত্রটি মেরামতের জন্য ৩১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের হিসাব দেয়। তখন নতুন যন্ত্র নিতে হলেও পাঁচ কোটি টাকার প্রয়োজন। নিয়ম অনুযায়ী, পুরাতন যন্ত্র মেরামতের জন্য সরবরাহ প্রতিষ্ঠানের দেওয়া প্রাক্কলিত ব্যয় অনুমোদন করাতে সরকারের ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট ওয়ার্কশপের (এনইএমইডব্লিউ) অনাপত্তিপত্রের প্রয়োজন পড়ে। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রথমে সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্টে (সিএমএসডি) চিঠি দেয়। সেখান থেকে এই চিঠির একটি অনুলিপি এই বরাদ্দ অনুমোদনের জন্য এনইএমইডব্লিউতে পাঠানো হয়। তাদের অনাপত্তি পেলেই মেরামতের বরাদ্দ মেলে। কিন্তু প্রথম এক বছর হাসপাতাল থেকে একাধিক চিঠি পাঠানো হলেও এই ওয়ার্কশপ রহস্যজনক কারণে কোনো চিঠিই পায়নি। ফলে যন্ত্রটি পড়েই থাকে।
২০১২ সালের ডিসেম্বর মাসে হাসপাতালের পরিচালকের দায়িত্বে ছিলেন কর্নেল সাইদুর রহমান। তিনি বলেছিলেন, পদ্ধতিগত ত্রুটির কারণে এক বছর ধরে হাসপাতালের চিঠির অনুলিপি এনইএমইডব্লিউর হাতে পৌঁছায়নি।
এর দুই বছর পর চলতি বছরের গোড়ার দিকে নিমেইওর একটি প্রতিনিধিদল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। তারা ৩১ লাখ টাকা প্রাক্কলনটি বেশি বলে মনে করে। তারা ৩১ লাখ টাকার স্থলে ২৬ লাখ টাকার অনুমোদন দিতে চায়। তারপরও এই মেরামতের টাকা পাওয়া যায়নি।
হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, ২ জুন পুরাতন যন্ত্রটি মেরামতের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে নতুন করে আবার প্রাক্কলন চেয়েছে এনইএমইডব্লিউ। এখন আবার শুরু থেকে সব প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এদিকে গত বছর হাসপাতালের জন্য নতুন একটি সিটি স্ক্যান যন্ত্রের বরাদ্দ পাওয়া গেছে। তবে শর্ত অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া বিদেশি কোম্পানি যন্ত্রটি পাঠাবে না। এই প্রশিক্ষণের জন্য গত বছর অক্টোবর মাসের দিকে সিএমএসডি চিঠি পাঠায়।
হাসপাতালের পরিচালক জানান, যথারীতি গত অক্টোবর মাসে তারা প্রশিক্ষণের জন্য একজন চিকিৎসক ও দুজন কারিগরের (টেকনিশিয়ান) নাম পাঠান। কিন্তু সেই প্রশিক্ষণ আর হয় না। যন্ত্রও আর আসে না। অথচ তারা নতুন যন্ত্র বসানোর জন্য হাসপাতালে অবকাঠামো প্রস্তুত করে ফেলেছেন। পরে জানা যায়, দেশের বাইরে প্রশিক্ষণের জন্য সরকারি যে আদেশ লাগে সেটা আর পাওয়া যায়নি। কয়েক িদন আগে সিএমএসডি চিঠি পাঠিয়েছে যে এখন ট্রেনিং ছাড়াই যন্ত্রটি স্থাপন করা হবে। পরিচালক জানান, এখন তাঁরা আশা করছেন অল্প দিনের মধ্যেই হয়তো সরবরাহকারী প্রতিষ্ঠান যন্ত্রটি পাঠানোর ব্যবস্থা করবে।