নষ্ট হচ্ছে আট হাজার বই
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাওয়া ফেনীর ছাগলনাইয়া গণপাঠাগারটি অর্থের অভাবে ও নিজস্ব ভবন না থাকায় গত পাঁচ বছর ধরে বন্ধ রাখা হয়েছে। একই কারণে এই পাঠাগারের জন্য ভবন নির্মাণের কাজ শুরু করেও তা শেষ করা যায়নি। ভবন না থাকায় এর পুরোনো পত্রিকা, সাময়িকীসহ প্রায় আট হাজার বই নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে এ কে ফজলুল হক মজুমদারসহ আরও কয়েকজন শিক্ষানুরাগীর নেতৃত্বে কলেজ সড়কে একটি ভাড়া করা বাসায় ছাগলনাইয়া গণপাঠাগার প্রতিষ্ঠা করা হয়। এখানে বিভিন্ন জাতীয় দৈনিক, সাময়িকীসহ নানা বিষয়ের বই রাখা হয়। এ পাঠাগারে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ পত্রিকা ও বই পড়ার জন্য আসত। ধীরে ধীরে এই পাঠাগারের সুনাম ছড়িয়ে পড়ে। তাই ১৯৯১ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভের পর ১৯৯৮ সালে সমাজকল্যাণ অধিদপ্তরে এ পাঠাগারের নিবন্ধন করা হয়। ১৯৯৭ সাল থেকে এটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে সম্পৃক্ত ছিল। ২০০১ সালে সমাজ সেবা অধিদপ্তরের ফেনী কার্যালয় পাঠাগারটিকে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু দীর্ঘদিনের বিদ্যুতের বিল ও বাসা ভাড়া বকেয়া থাকায় ২০০৪ সালে কর্তৃপক্ষ পাঠাগারটি বন্ধ করে দেয়।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বন্ধ করে দেওয়ার পর পাঠাগারের পুরোনো পত্রিকা ও বই কলেজ সড়কের উদয়ন কেজি স্কুলের একটি কক্ষে রাখা হয়। এখন অযত্ন আর অবহেলায় বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, ২০০৫ সালে উপজেলার শহীদ আবদুর রাজ্জাক সড়কের পাশে ছাগলনাইয়া ক্লাবের দেওয়া তিন শতক জমিতে পাঠাগারের জন্য দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। তখন কয়েকজন শিল্পপতির দেওয়া অনুদান দিয়ে এই কাজ শুরু করা হয়েছিল। এখন টাকার অভাবে ভবন নির্মাণের কাজ বন্ধ রয়েছে। পাঠাগারের কোষাধ্যক্ষ ছাগলনাইয়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, অনুদান হিসেবে মাত্র তিন লাখ টাকা পেলেই গণপাঠাগারের ভবন নির্মাণের কাজ শেষ হবে। পাঠাগারের সহ-সভাপতি পৌর মেয়র আলমগীর বলেন, সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দিলে এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গণপাঠাগারটি চালু করা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমিনুর রশীদ বলেন, দীর্ঘদিন ধরে পাঠাগারটি বন্ধ থাকায় স্থানীয় লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বই ও পত্রিকা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।