কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠার ১০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বর্জ্য শোধনাগার প্লান্ট (ইটিপি) স্থাপন করা হয়নি। এ কারণে ইপিজেড এলাকার আশপাশের কৃষিজমি নষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় বিক্ষোভ সমাবেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।জানতে চাইলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ—বেপজা কুমিল্লার মহাব্যবস্থাপক (জিএম) এ এম এম শামসুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপনের জন্য ২০০৮ সালে দরপত্র আহ্বান করা হয়েছিল। তখন ঢাকার মেসার্স এনভায়রনমেন্ট সার্ভিসেস লিমিটেড নামে একটি কোম্পানি কাজটি পায়। কয়েক দফা প্রতিষ্ঠানটিকে চুক্তি সম্পাদনের জন্য চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় ২০০৯ সালের ১৪ জুন তাদের কার্যাদেশ বাতিল করা হয়। নতুন করে স্থাপনের জন্য ১২ অক্টোবর বেপজায় আবেদন করা হয়েছে। সেখান থেকে সাড়া পেলেই উদ্যোগ নেওয়া হবে। ইটিপি না থাকায় পরিবেশ বিপর্যয়ের কথা তিনি স্বীকার করেন।কুমিল্লা ইপিজেড সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের এপ্রিলে ২৬৭ দশমিক ৪৬ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ইপিজেড। ২০০০ সালের ১৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইপিজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালে ইপিজেডে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়। বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে ২৪টি কারখানা চালু রয়েছে। ইপিজেডের মোট আয়তনের ১২ দশমিক ৫০ কিলোমিটার এলাকায় নালা রয়েছে। ওই নালা দিয়েই বর্জ্য ইপিজেডের দক্ষিণে বিমানবন্দর-সংলগ্ন এলাকা, উত্তর ও পূর্ব দিকে ছড়িয়ে যায়। কালো ও দুর্গন্ধযুক্ত ওই তরল বর্জ্য আশপাশের এলাকার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।সূত্র জানায়, কুমিল্লা ইপিজেডে তিনটি কারখানা থেকে তরল বর্জ্য নিঃসৃত হয়। নিয়মানুযায়ী কারখানাগুলো নিজেরা বর্জ্য শোধন করে ইপিজেডের তিনটি সেটেলিংক ট্যাংকে রাখবে। এরপর সেখান থেকে সেগুলো সংরক্ষণ করা হবে। কিন্তু ওই তিন কারখানার তরল বর্জ্য নালার মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ইপিজেড-সংলগ্ন ঢুলিপাড়া, রাজাপাড়া, নেউরা, দিশাবন্দ, হীরাপুর, আশ্রাফপুরসহ বিভিন্ন গ্রামের ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সেখানকার কৃষিজমিতে ধানের ফলন হচ্ছে না। ছোট-বড় খালগুলো তরল বর্জ্যে ভরে গেছে, যে কারণে খালবিলসহ জলাশয়ে কোনো প্রজাতির দেশি মাছ টিকতে পারছে না।দিশাবন্দ এলাকার বাসিন্দা ফয়েজুল ইসলাম ও দেলোয়ার হোসেন বলেন, ইপিজেডের তরল বর্জ্যের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে। সেখানে একসময় ছোট প্রজাতির নানা ধরনের মাছ পাওয়া যেত। এখন মাছ তো দূরে থাক, গো-খাদ্যও জন্মায় না।রাজাপাড়ার সামাজিক সংগঠন ‘পথিকৃৎ’ কুমিল্লার সভাপতি আইনজীবী শহীদুল হক প্রথম আলোকে বলেন, গ্রামবাসীর ফসলি জমিসহ সব জমি ওই বর্জ্যের কারণে উর্বরতা হারিয়েছে। সেখানে কৃষক লাঙল আর ট্রাক্টর দিয়ে জমির মাটি উল্টাতে গেলে তরল বর্জ্য দেখা দেয়। এর কারণে ধানের চারা টিকে না। বেশ কয়েকবার বিষয়টি ইপিজেডের জিএমকে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো কাজ হয়নি।রামপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির মজুমদার বলেন, ইপিজেডের এসব বর্জ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের নিচ দিয়ে রামপুরসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এর থেকে মুক্তির জন্য দ্রুত তরল বর্জ্য শোধনাগার করা দরকার।