
অর্থাভাবে পাঁচ বছরেও মেহেরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের কাজ শেষ হয়নি। ২০০৯ সাল থেকে পড়ে আছে প্রায় পৌনে দুই কোটি টাকার টিকিট কাউন্টার ভবন ও অধিগ্রহণ করা জমি।
মেহেরপুর শহরের শেষ প্রান্তে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে আট একর ৪৫ শতক জমির ওপর বাস টার্মিনালের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় ২০০৯ সালের ৬ জুন। এরও দুই বছর আগে পৌরসভা কর্তৃপক্ষ ৪৮ লাখ টাকায় জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ করে। সরকার, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় টার্মিনাল নির্মাণের ব্যয় ধরা হয়েছিল সাড়ে পাঁচ কোটি টাকা। এক কোটি ২৪ লাখ টাকায় টার্মিনালের টিকিট কাউন্টার ভবন নির্মাণের পর ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে কাজ বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, পুরো কাজ শেষ হওয়ার আগেই দাতারা আকস্মিক কাজ গুটিয়ে নেয়। পরে রাজনৈতিক জটিলতার কারণে কাজটি দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত হয়নি। এখন নির্মাণসামগ্রীর ব্যয় বেড়েছে। তাই আরও সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ চেয়ে কাজটি তৃতীয় পর্বে অন্তর্ভুক্ত করতে স্থানীয় সরকার বিভাগ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাস টার্মিনাল প্রাঙ্গণে খোলা মাঠের এক কোণে একটি ভবন ছাড়া কিছু নেই। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনের কক্ষগুলো স্যাঁতসেঁতে ও নোংরা আর্বজনায় ভরে আছে। সামনের অংশ ছাড়া টার্মিনালের তিন দিকে সীমানাপ্রাচীর নেই।
স্থানীয় লোকজনের অভিযোগ, ভবনটিসহ পুরো টার্মিনাল চত্বরে এখন মাদকাসক্তদের আড্ডা বসে। দুই বছর আগে সেখানে শহরের এক স্কুলছাত্রের লাশ পাওয়া যায়।
এদিকে বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ না হওয়ায় দুর্ভোগে আছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। বর্তমানে বাস টার্মিনালটি পড়েছে শহরের মধ্যেই। টার্মিনালের পাশে শ্রমিক ইউনিয়নের কার্যালয়।
জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব বলেন, জায়গা নেই। তাই রাস্তার দুই পাশে বাস রাখতে হয়। সেই বাস ধোয়ামোছা করতে গিয়ে রাস্তায় কাদাপানি জমে। এতে যানজট সৃষ্টি হয়। নতুন বাস টার্মিনাল চালু হলে তাঁরা অফিস তুলে নেবেন।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি নতুন বাস টার্মিনাল নির্মাণ করা হোক। কিন্তু কাজই শেষ হচ্ছে না। রাস্তার দুই পাশে গাড়ি রাখায় বাসের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়।’
বাস টার্মিনালের নির্মাণকাজ শেষ করার ব্যাপারে মেহেরপুর পৌরসভার মেয়র মুতাছিম বিল্লাহ বলেন, নতুন বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। তা ছাড়া টার্মিনাল চালু না হওয়ায় অরক্ষিত জায়গাটিতে এখন মাদকাসক্তদের আড্ডা বসে, যা নাগরিকদের সহায়তা ছাড়া উৎখাত করা সম্ভব নয়।