নষ্ট হচ্ছে কোটি টাকার পন্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান এলাকায় কর্ণফুলী নদীর পানিতে ডুবে নষ্ট হচ্ছে কোটি টাকার দুটি পন্টুন। ছয় বছর ধরে পন্টুন দুটি পানির নিচে ডুবে থাকলেও তোলার কোনো ব্যবস্থা নেয়নি রাঙামাটি পার্বত্য জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর। পন্টুন দুটি পানি থেকে তুলে বাতিল লোহালক্কড় (স্ক্র্যাপ) হিসেবে বিক্রি করলেও কোটি টাকা আয় হতো সরকারের।স্থানীয় একাধিক সূত্র জানায়, চন্দ্রঘোনা-রাজস্থলী ও বান্দরবান সড়কে যানবাহন পারাপারের জন্য ২০০১ সালে লিচুবাগান-সংলগ্ন কর্ণফুলী নদীতে ফেরি চালু করে রাঙামাটি পার্বত্য জেলা সওজ অধিদপ্তর। প্রায় ১০০ টন ধারণক্ষমতার ফেরিটি দিয়ে তখন যানবাহন পারাপার শুরু হয়। কিন্তু ২০০৪ সালে কাপ্তাই হ্রদের ছেড়ে দেওয়া পানিতে সৃষ্ট বন্যায় ফেরিটি রক্ষা পেলেও পন্টুন দুটি নদীতে ডুবে যায়। পরে বন্যার পানি কমে গেলেও পন্টুনগুলো তোলা হয়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাটার সময় পন্টুন দুটির একটি সম্পূর্ণ, অন্যটির অর্ধেক পানিতে ডুবে থাকে। দুটির গায়েই জমেছে শেওলা। মরিচা ধরে বিভিন্ন অংশ ভেঙে বড় বড় ছিদ্র দেখা দিয়েছে। পন্টুন দুটির বিভিন্ন অংশ থেকে নাটবল্টু ও তার খুলে নিয়ে গেছে স্থানীয় লোহাচোরেরা। এতে পন্টুন দুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।ফেরির খালাসি মো. হাসান জানান, নতুন দুটি পন্টুনের দাম ১০ কোটি টাকার বেশি, যা কর্ণফুলী নদীর পানিতে ডুবে নষ্ট হচ্ছে। পন্টুন দুটি সংস্কার করলে ব্যবহারের উপযোগী হতে পারে বলে জানান তিনি।ফেরির ইজারাদার মাহাবুবুর রহমান বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো ফেরি বা পন্টুন কেনা বন্ধ রেখেছে সরকার। যেকোনো দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পার্বত্য জেলা সওজ অধিদপ্তর পন্টুন দুটি কারখানায় নিয়ে সংস্কার করে ব্যবহারের উপযোগী করে রাখলে দুর্যোগ মোকাবিলা সহজ হতো। আর যদি ব্যবহারের অযোগ্যও হয়ে পড়ে, তাহলে কর্ণফুলী নদীতে ফেলে না রেখে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিলেও সরকারের আয় বাড়ত।চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার স্ক্র্যাপ ব্যবসায়ী শাহ আলম জানান, বাজারে প্রতি টন স্ক্র্যাপ লোহার দাম ৫২-৫৪ হাজার টাকা। সে হিসাবে ২০০ টন ওজনের পন্টুন দুটির দাম কোটি টাকারও বেশি হবে।ফেরির কার্য সহকারী এম এ কামাল বলেন, পানিতে ডুবে যাওয়ার পর পন্টুনগুলো সংস্কারের জন্য রাঙামাটি পার্বত্য জেলা সওজ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়, কিন্তু তখন কোনো নির্দেশনা পাওয়া যায়নি।রাঙামাটি পার্বত্য জেলা সওজ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, পন্টুন দুটি সংস্কারের জন্য ঢাকায় ফেরি বিভাগে একাধিকবার প্রতিবেদন দেওয়া হলেও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।