নষ্ট হচ্ছে গবেষণাযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নষ্ট পড়ে আছে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা যন্ত্রগুলো। ছবিটি গতকাল তোলা । প্রথম আলো
নষ্ট পড়ে আছে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা যন্ত্রগুলো। ছবিটি গতকাল তোলা । প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণাগারের প্রায় সব যন্ত্র বিকল হয়ে আছে। গবেষণা সহকারীর অভাবে দীর্ঘদিন অব্যবহূত থাকায় কাজ করছে না যন্ত্রগুলো। ব্যবহারিক ক্লাস করতে না পারায় পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
অনুসন্ধানে জানা যায়, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের এই বিভাগের কমন ফিনিশিং ফ্যাসিলিটি সেন্টারের (সিএফএফসি) মোট ২৬টি ভারী গবেষণাযন্ত্রের মাত্র তিনটি ঠিকঠাক কাজ করে। বাকি ২৩টি যন্ত্রই নষ্ট। বিভিন্ন কাজে ব্যবহূত ৩৪টি ড্রামের সবগুলোই মেরামত করা প্রয়োজন।
কাঁচা চামড়াকে চামড়াজাত পণ্যে পরিণত করা পর্যন্ত সব কাজ ধাপে ধাপে এসব যন্ত্রের মাধ্যমে করা যায়।
তবে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক মারুফা মাহবুব দাবি করেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে। কোথাও কোনো সমস্যা নেই।’ কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে গত ২৬ ফেব্রুয়ারি পাঠানো এক চাহিদাপত্রে তিনি উল্লেখ করেন, চলতি শিক্ষাবর্ষে তাঁর দুই কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ২৬৪ টাকার মালামালের চাহিদা রয়েছে। এর বেশির ভাগই গবেষণাগারে ব্যবহূত বিভিন্ন রাসায়নিকসহ আনুষঙ্গিক দ্রব্যাদি কেনার জন্য।
চাহিদাপত্রে দেখা গেছে, সিএফএফসি ল্যাবের যন্ত্রপাতি মেরামতে ৩৫ লাখ ২২ হাজার টাকা চাহিদা দেওয়া হয়েছে। ভারী যন্ত্রগুলোর মধ্যে ১০টিকে মেরামত করার কথা বলা হয়েছে।
এই ইনস্টিটিউটের স্থায়ী শিক্ষক নয়জন। কোনো অধ্যাপক নেই। সহযোগী অধ্যাপক একজন, সহকারী তিনজন ও প্রভাষক চারজন। খণ্ডকালীন আছেন ১৭ জন। ইনস্টিটিউটের একাধিক শিক্ষার্থী বলেন, শিক্ষকের সংকট না থাকলেও গবেষণা সহকারীর অভাবে ব্যবহারিক ক্লাসগুলো হয় না।
জানা গেছে, ইনস্টিটিউটে গবেষণাগারের জন্য প্রভাষক সমমানের কেবল মো. হানিফ আলী নামে একজন ফোরম্যান ইন্সট্রাক্টর রয়েছেন। হানিফ আলী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা করলে গবেষণাযন্ত্রগুলো ঠিক করতে পারে। এখানে এমন অনেক যন্ত্র রয়েছে, যা আর কোথাও নেই। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এখানে গবেষণার সুযোগ আছে।’
অব্যবহূত থাকায় এই ল্যাবগুলোর যন্ত্রপাতির বেশির ভাগ বিকল হয়ে আছে বলে জানান তিনি। তিনি বলেন, একসময় এখানে অন্তত ৩০ জন গবেষণা সহকারী ছিলেন। তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই প্রশিক্ষণ নিয়ে বিদেশে চলে গেছেন। সরেজমিনে দেখা যায়, ইনস্টিটিউটের প্রতিটি ল্যাবই আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো। বেশির ভাগ যন্ত্রে ধুলোবালু পড়ে আছে। মাকড়সা জাল বুনতে শুরু করেছে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘ইনস্টিটিউটে বিভিন্ন সমস্যা রয়েছে। কিন্তু তা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষকের স্বল্পতা দূর করার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের খণ্ডকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।’