নষ্ট হচ্ছে জব্দ করা যানবাহন

সাতক্ষীরায় আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিভিন্ন সময় জব্দ করা ২৬৬টি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক গাড়ি নষ্ট হতে বসেছে। আটটি থানায় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এসব গাড়ির রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এই অবস্থা হয়েছে। সেই সঙ্গে বছরের পর বছর পড়ে থাকায় অনেকগুলোর যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় সাতক্ষীরা আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয় ২৬৬টি মোটরসাইকেল ও ৪৮টি ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি। এসব গাড়ি মাদক ও বিভিন্ন পণ্য পাচার, ছিনতাইসহ অপরাধীদের ব্যবহারের সময় আটক করা হয়।
সরেজমিনে বিভিন্ন থানা ঘুরে দেখা গেছে, সময় বিভিন্ন সময় জব্দ করা গাড়িগুলো খোলা আকাশের নিচে ফেলা রাখা হয়েছে। দিনের পর দিন সেগুলো রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি গাড়ি একেবারেই নষ্ট হয়ে গেছে। কয়েকটির যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
পুলিশের হাতে আটক মোটরসাইকেলের মালিক শহরের ইটাগাছা এলাকার আসাদুজ্জামান ও দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আহসান মাসুম জানান, ফেনসিডিলসহ তাঁদের মোটরসাইকেল পুলিশ আটক করে। সেটি ফেরত পাওয়ার জন্য তাঁরা আদালতে আবেদন করেছেন। কিন্তু আদালত থেকে নির্দেশ না পাওয়ায় মোটরসাইকেল ফেরত পাওয়া যাচ্ছে না।
থানার ওসিরা জানান, গ্যারেজ না থাকায় খোলা আকাশের নিচে এগুলো রাখতে হয়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব গাড়ি কিছু করা যাচ্ছে না।
আশাশুনি থানার ওসি আজমল হুদা জানান, মোটরসাইকেলগুলো যাতে নষ্ট না হয়ে যায় এ জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গাড়িগুলো যাতে নষ্ট না হয়ে যায় এ জন্য থানার মধ্যে একটি গ্যারেজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।