নষ্ট হচ্ছে দলিলপত্র
ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বগুড়ার শেরপুর পৌর ভূমি কার্যালয়টি। এখানে আসা লোকজনের শরীরের ওপর খসে পড়ছে পলেস্তারা ও পচে যাওয়া কাঠ। পাশাপাশি উইপোকার আক্রমণে নষ্ট হতে চলেছে মূল্যবান কাগজপত্র। কার্যালয়ে কর্মরত ব্যক্তিদের ভাষ্যমতে, জীবনের ঝুঁকি নিয়েই তাঁরা জরাজীর্ণ ভবনটিতে কাজ চালিয়ে যাচ্ছেন।জানা গেছে, জমিদার আশুতোষ গিরি গোসাই তাঁর জমিদারির খাজনা আদায়ের জন্য শহরের গোসাইপাড়ার এই স্থানে গড়ে তোলেন কাছারি ঘর। পরে জমিদারি প্রথা বিলোপের পর সেই ঘরই হয়ে ওঠে শহরের শ্রীরামপুর ও শেরপুর মৌজার জন্য পৌর ভূমি কার্যালয়।সরেজমিনে দেখা গেছে, ভূমি কার্যালয়টি এখন বয়সের ভারে ন্যুব্জ। খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। ভবন তৈরির সময় ব্যবহূত কাঠ পচে খসে পড়ছে। উইপোকার আক্রমণে সরকারি মূল্যবান কাগজপত্র নষ্ট হতে চলেছে।কার্যালয়ের এমএলএসএস আবু বক্কর জানান, বর্ষায় ঘরের টিনের চালার ফুটো ও জানালা দিয়ে পানি ঢোকে। এতে কাঠের জিনিসপত্র পচে খসে পড়ছে। একই সঙ্গে কাগজপত্রে উইপোকার আক্রমণে নষ্ট হতে চলছে অনুমোদিত খারিজের প্রস্তাবপত্র, খারিজ ফি আদায় বই ও খাজনা আদায়ের বই। এ ছাড়া কার্যালয়ের খতিয়ান বইসহ অন্য মূল্যবান কাগজপত্রের অবস্থাও ভালো নয়। খাজনা দিতে আসা ব্যক্তিদের অনেকের ওপর পচে যাওয়া কাঠ প্রায়ই খসে পড়ে। স্থানীয় বাসিন্দা রঞ্জন দত্ত জানান, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় প্রয়োজনীয় কাজে অনেকেই পৌর ভূমি কার্যালয়ের মধ্যে ঢোকেন না। বারান্দার ওপর থেকে কাজ সেরে ফিরে যান।স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিপুল ঘোষ, শহীদুল ইসলামসহ অনেকে জানান, ওই কার্যালয়ের খতিয়ানসহ মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে গেলে শেরপুর শহরে জমিজমার ঘটনা নিয়ে ভবিষ্যতে মামলা-মোকদ্দমা বেড়ে যাবে। মূল্যবান কাগজপত্র রক্ষাসহ দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান তাঁরা।ওই কার্যালয়ের ভূমি কর্মকর্তা আবদুস সাত্তার জানান, ভূমি কার্যালয়ের প্রতিটি কাগজই গুরুত্বপূর্ণ। উইপোকার আক্রমণে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হতে চলেছে। এখানকার নানা সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।