নষ্ট হচ্ছে বরজের পান রায়পুরে দুশ্চিন্তায় কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রায় আড়াই হাজার বরজের পান নষ্ট হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে টানা শীত ও ঘন কুয়াশার কারণে পান হলদে হয়ে ঝরে পড়ছে। জীবিকার একমাত্র অবলম্বন এ ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে দেড় হাজার কৃষক। দুই যুগ ধরে পান চাষ করছেন ‘পান পল্লি’ খ্যাত ক্যাম্পেরহাট এলাকার মানিক মজুমদার। তিনি জানান, প্রতিবছর শীতে পানের বরজের কিছু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এ বছরের মতো ক্ষতি অতীতে আর হয়নি। পান যত ঝরে পড়ছে, কৃষকের উদ্বেগ তত বাড়ছে। রায়পুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবমতে, উপজেলায় ৩৬৭ হেক্টর জমিতে পানের আবাদ হয়। এসব জমিতে দুই হাজার ৩৯৬টি বরজ রয়েছে। এক হাজার ৫৬২ জন কৃষক পান চাষের সঙ্গে জড়িত। এই ফসলের সঙ্গে প্রায় ১০ হাজার মানুষের জীবন-জীবিকা সম্পৃক্ত। উপজেলার উত্তর চরআবাবিল ও দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে পানের বেশি আবাদ হয়। দক্ষিণ চরআবাবিল গ্রামের কৃষক আমানত হোসেন বলেন, ‘ধারদেনা করে ৩০ শতাংশ জমিতে পানের আবাদ করেছি। এবার পান ভালো হয়েছে। হঠাৎ অস্বাভাবিক শীতে বরজের অধিকাংশ পান হলদে হয়ে যায়। এখন লতা থেকে ঝরে পড়ছে পাতাগুলো।’ দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, ইউনিয়নে প্রায় ৩০ ভাগ মানুষ পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। বরজের পানগুলো নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। এতে কয়েক দিন পর স্থানীয় বাজারে পানের সংকট দেখা দেবে। উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আলমগীর বাবুল বলেন, শীতজনিত কারণে বরজের পানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। পানের ক্ষতি এড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এবারের ক্ষতি বিগত দিনের চেয়েও অনেক বেশি বলে তিনি জানান।