নষ্ট হচ্ছে সম্ভাবনাময় খেজুরবাগানটি
দেশের মাটিতে সৌদি খেজুরের অপার সম্ভাবনা দেখানো ময়মনসিংহের ভালুকার সেই খেজুরবাগানের জমির মালিকানা হঠাত্ দাবি করে বসেছে বন বিভাগ। এর পর থেকে পুলিশি হয়রানির ভয়ে শ্রমিকেরা বাগানে কাজ করতে আসছেন না। এতে অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে বাগানটি।১৭ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, মোতালেবের বাগানে কোনো শ্রমিক নেই। বেশ কিছু গাছের পাতা পুড়ে বিবর্ণ হয়ে গেছে। ৩০টির মতো মাঝারি আকৃতির চারাগাছ উপড়ে ফেলতে হয়েছে। মোতালেব জানান, উপড়ে ফেলা গাছগুলো অযত্নে নষ্ট হয়ে গেছে। তাই তুলে ফেলা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, কাদিগর বিট কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ৫ জানুয়ারি ভালুকা মডেল থানার পুলিশ এসে নানারকম ভয় দেখায়। এর পর থেকে শ্রমিকেরা বাগানে কাজ করতে আসছেন না। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও মৌজার ১০৩৭ দাগের এক একর ৩২ শতক জমি নিয়ে ২০০১ সালে খেজুরবাগান করেন মোতালেব। ১২ বছর বন বিভাগ কোনো বাধা দেয়নি। গত নভেম্বরে দর্শনার্থীদের জন্য একটি ফটক ও দুটি বিশ্রামাগার নির্মাণ করতে চাইলে বন বিভাগের প্রথম বাধা আসে। ৪ জানুয়ারি কাদিগর বিট কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ৫ জানুয়ারি ভালুকা মডেল থানার পুলিশ মোতালেবের বাগানের সব ধরনের স্থাপনার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। বর্তমানে স্থাপনার কাজ বন্ধ রয়েছে। থানার ওসি আবদুল মোতালেব মিয়া বলেন, মোতালেব হোসেনের বিরুদ্ধে বন বিভাগের জমির ওপর পাকাঘর নির্মাণের অভিযোগ রয়েছে। তিনিসহ ১৫-২০ জন সন্ত্রাসী বন বিভাগের বিট কর্মকর্তা ও কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলার চেষ্টা করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের তদন্ত চলছে।তবে পাড়াগাঁও গ্রামের অনেকে বন কর্মকর্তার অভিযোগ মিথ্যা বলে জানান। আবদুস সামাদ বলেন, ৬০ বছর ধরে এই এলাকার মানুষ জমিতে বসতবাড়িসহ দোকানপাট নির্মাণ করছে। কোনো দিন কেউ বাধা দেয়নি।জানতে চাইলে কাদিগর বিটের কর্মকর্তা আবু সাঈদ মিয়া জানান, পাড়াগাঁও মৌজার সত্তর ভাগের বেশি জমি ১৯২৭ সালের গেজেটভুক্ত বনভূমি। সীমানা নির্ধারণ না করায় সবাই জমি ভোগ করছে। বনের জমিতে কাউকে স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।সরেজমিনে দেখা গেছে, মোতালেবের বাগান থেকে ১০০ গজ দূরে পাকাবাড়ির নির্মাণকাজ চলছে। কিন্তু সে বাড়ি নির্মাণে বন বিভাগ এমনকি পুলিশ কোনো বাধা দেয়নি।প্রসঙ্গত, ৪ জানুয়ারি প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ ‘দেশের মাটিতে সৌদি খেজুরের অপার সম্ভাবনা’ শিরোনামে শুত্রুবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।