নষ্ট হচ্ছে ১০ কোটি টাকার কাঠ
কক্সবাজার (উত্তর ও দক্ষিণ) বন বিভাগের আওতাধীন ১১টি রেঞ্জে কয়েক বছর ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কমপক্ষে ১০ কোটি টাকার কাঠ। বনাঞ্চল থেকে পাচারের সময় বন বিভাগ, পুলিশ, বিজিবি এসব কাঠ জব্দ করে।
গতকাল মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী বন রেঞ্জ কার্যালয় ঘুরে দেখা যায়, বিপুল পরিমাণ কাঠ খোলা মাঠে বৃষ্টিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একজন কর্মচারী বলেন, এই মাঠে পড়ে আছে প্রায় দুই হাজার ঘনফুট কাঠ, যার বাজারমূল্য দেড় কোটি টাকা। তিন থেকে চার বছর আগে বনাঞ্চল থেকে গাছ কেটে পাচারের সময় এসব কাঠ জব্দ করা হয়। কিন্তু এখনো নিলামে বিক্রি করা হয়নি। উপজেলার ঈদগাঁও, পিএমখালী রেঞ্জ কার্যালয়েও একই অবস্থা দেখা গেছে।
বন বিভাগ সূত্র জানায়, বর্তমানে বাঁকখালী রেঞ্জে এক হাজার ৯৩৩ ঘনফুট, ফাঁসিয়াখালীতে ৮১৭ ঘনফুট, ফুলছড়িতে ৬০১ ঘনফুট, মেহেরঘোনায় ২০ ঘনফুট, ঈদগাঁওয়ে ২৯৮ ঘনফুট, ঈদগড়ে এক হাজার ৩৪৫ ঘনফুট, জোয়ারিয়ানালায় ১৫৯ ঘনফুট, পিএমখালীতে ৮২ ঘনফুট এবং টেকনাফ ও উখিয়ার চারটি রেঞ্জ কার্যালয়ে ১৬৩ ঘনফুট কাঠ পড়ে রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা।
সূত্র জানায়, এর মধ্যে বেশির ভাগ সেগুন ও গর্জন কাঠ। অবশিষ্ট কাঠ জাম, গামারি, আকাশমণি, কড়ই প্রভৃতি।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাস বলেন, গত আগস্ট মাসে সিল টেন্ডার ও প্রকাশ্য নিলামের মাধ্যমে বিপুল পরিমাণ জব্দ করা কাঠ বিক্রি হয়েছে। এখন বিভিন্ন রেঞ্জ কার্যালয়ে পড়ে থাকা কাঠ নিলামে বিক্রির চেষ্টা চলছে।