নষ্ট হচ্ছে ১২ কোটি টাকার যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১২ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহূত পড়ে রয়েছে। এতে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে ইতিমধ্যে অডিট আপত্তি এসেছে ও মন্ত্রণালয় থেকে যন্ত্রপাতিগুলোর অবস্থা জানতে চাওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, হাসপাতালের অগ্রাধিকারভিত্তিক চাহিদা ছাড়াই কর্তৃপক্ষ ২০০৯-১০ অর্থবছরে ১০১ পদের এসব যন্ত্রপাতি কেনা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী হাসপাতালের ভান্ডারের নিবন্ধিত হওয়ার পরই যন্ত্রগুলো হাসপাতালের ওয়ার্ডে পাঠানোর কথা। কিন্তু রামেক কর্তৃপক্ষ যন্ত্রপাতিগুলো সরাসরি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেয়। এর সরবরাহ তালিকায় রামেকের তৎকালীন অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান স্বাক্ষর করেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল আলম সিদ্দিকী গত ২১ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়ে যন্ত্রপাতিগুলোর রক্ষণাবেক্ষণের অবস্থা জানিয়েছেন। এতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষ যন্ত্রপাতিগুলো ক্রয়ের আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে ক্রয়ের তালিকা প্রস্তুত বা চাহিদাপত্র নেয়নি। ফলে স্বল্প প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হয়েছে। ভান্ডারের মাধ্যমে না দিয়ে যন্ত্রপাতিগুলো সরাসরি ওয়ার্ডে সরবরাহ করার ফলে সেগুলো ভান্ডারের মজুদ বইয়ে লিপিবদ্ধ হয়নি। তালিকাভুক্ত না হওয়া ও তহবিল না থাকায় ইতিমধ্যে কয়েকটি বিভাগে সরবরাহকৃত কিছু যন্ত্রপাতির মেরামত সম্ভব হচ্ছে না। দুটি এক্স-রে যন্ত্রসহ গত বছরের ১২ জুলাই ইউরোলজি বিভাগের জন্য সরবরাহ করা সাতটি যন্ত্র চালু করা সম্ভব হয়নি। অপর একটি এক্স-রে যন্ত্র অর্থোপেডিক সার্জারি বিভাগে পড়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব যন্ত্রপাতির মডেল নেই, নির্মাণকারী প্রতিষ্ঠান ও সরবরাহকারীর কোনো তথ্য সংরক্ষিত নেই। এ ছাড়া এসব যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর কথাও চিন্তা করা হয়নি। এ বিষয়ে গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হলেও তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। স্পাইরো মিটার নামের মূল্যবান দুটি যন্ত্র এক বছর ধরে যন্ত্রপাতি শাখায় পড়ে রয়েছে। এই যন্ত্র দুটি সরবরাহকারী প্রতিষ্ঠানই প্রতিস্থাপন করতে পারেনি। দীর্ঘদিন পড়ে থাকার ফলে যন্ত্রগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।এর আগে গত নভেম্বরে নিরীক্ষা বিভাগ থেকে এ নিয়ে অডিট আপত্তি আসে। এতে এর দায়দায়িত্ব নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যন্ত্রপাতিগুলো কেনার সঙ্গে কোনোভাবেই হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত নয়। এর দায়দায়িত্ব তাদের নয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল আলম সিদ্দিকী বলেন, হাসপাতাল ও মেডিকেল কলেজ পৃথক প্রতিষ্ঠান। যন্ত্রগুলো কিনেছে কলেজ। বিধি অনুযায়ী কেনা ও হাসপাতালে ঢোকানো হয়নি। এখন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে তারা ব্যবস্থা নিতে পারবেন। রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান এখন ঢাকায় সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। যোগাযোগ করা হলে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের একটি তদন্ত কমিটি এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে। সেটি নিষ্পত্তি হয়ে গেছে। তিনি দাবি করেন, হাসপাতালের বিভাগীয় প্রধানদের কাছ থেকে চাহিদা নিয়েই যন্ত্রপাতি কেনা হয়েছে। হাসপাতালের ভান্ডারে নিবন্ধন না করানো তাদের ব্যাপার, তবে ওয়ার্ডের খাতায় নিবন্ধন করা হয়েছে ও বিভাগীয় প্রধানরা তা গ্রহণ করেছেন।