নির্মাণকাজ শুরুর পর ১০ বছরেরও বেশি সময় পার হয়েছে। এরপরও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের ২০ শয্যার হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি। অথচ হাসপাতালে ব্যবহারের জন্য কেনা প্রায় দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে।
সান্তাহার নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘সান্তাহার পৌরসভাসহ আশপাশের লক্ষাধিক মানুষের জন্য শহরে কোনো চিকিৎসাকেন্দ্র বা হাসপাতাল নেই। চিকিৎসার জন্য এই এলাকার মানুষকে পাঁচ কিলোমিটার দূরে নওগাঁ সদর হাসপাতাল অথবা প্রায় আট কিলোমিটার দুরে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।’
আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মহিত তালুকদার বলেন, ‘হাসপাতালটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হয়েছে কিন্তু এটির চালু করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’
এলাকাবাসী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালের ৩০ মে হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। হাসপাতালের নির্মাণকাজ শেষ না হলেও ২০০৬ সালের ২২ অক্টোবর রাজনৈতিক কারণে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে চিকিৎসকসহ হাসপাতালের অন্যান্য দপ্তরে লোক নিয়োগ দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য প্রায় দুই কোটি টাকার বিভিন্ন সরঞ্জামও সরবরাহ করা হয়। কিন্তু জোট সরকারের পরপরই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্মাণকাজের ঠিকাদার খালেদা জিয়ার ভাগনে তুহিন আগাম প্রায় ৯০ লাখ টাকাসহ সব বিল তুলে নিয়ে লাপাত্তা হয়ে যান। পরে নিয়োগ পাওয়া চিকিৎসকসহ অন্যান্য দপ্তরের কর্মচারীরা হাসপাতালের নির্মাণকাজ অসমাপ্ত দেখে অন্যত্র বদলি হয়ে চলে যান।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুর আহম্মেদ বলেন, ২০ শয্যার ওই হাসপাতালের জন্য পাঠানো চিকিৎসা সরঞ্জামগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাক্সবন্দী অবস্থায় রাখা হয়েছে। এগুলো ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে।
বগুড়া স্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, বর্তমানে হাসপাতালের প্রায় ২০ শতাংশ কাজ বাকি আছে। আগের ঠিকাদার কাজ সম্পন্ন না করেই আগাম ৯০ লাখ টাকা বিল নিয়ে লাপাত্তা হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন অর্ধেন্দু দেব জানান, স্বাস্থ্যপ্রকৌশল দপ্তর জানিয়েছে আগের ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন প্রাক্কলন তৈরি করে আবার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের বাকি কাজ শেষ করার জন্য দরপত্র আহ্বান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব চিকিৎসা সরঞ্জাম পড়ে রয়েছে সেগুলো রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে।