নষ্ট হচ্ছে ৫০টি ফেরি ও পন্টুন
বিভাগীয় শহর বরিশালের সঙ্গে ভোলা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, পটুয়াখালী, পিরোজপুর, কুয়াকাটা ও বরগুনার সড়ক যোগাযোগে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ফেরি। এগুলোর যথাযথ সংরক্ষণ ও মেরামতের অভাবে মাঝেমধ্যে বিভিন্ন নৌপথে চলাচলে বিঘ্ন ঘটছে।বছরের পর বছর বরিশাল অঞ্চলের ৫০টি ফেরি ও পন্টুন অকেজো পড়ে আছে। এতে সরকারের প্রায় ২১৫ কোটি টাকার সম্পদ নষ্ট হতে চলেছে। কিন্তু এগুলো মেরামতের কোনো উদ্যোগ নেই।অভিযোগ রয়েছে, একাধিকবার বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হলেও ফেরিগুলো ও এর আনুষঙ্গিক যন্ত্রপাতি রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মেরামতযোগ্য এসব ফেরি, পন্টুন ও স্ক্র্যাপ (বাতিল যন্ত্রাংশ) নিয়ে বিপাকে পড়েছে বরিশাল অঞ্চলের ফেরি বিভাগ।সওজ অধিদপ্তরের আওতাধীন বরিশাল ও পটুয়াখালী ফেরি বিভাগের কার্যালয় সূত্র জানায়, বর্তমানে দক্ষিণাঞ্চলে ২৯টি ফেরি ও ২১টি পন্টুন নষ্ট হয়ে পড়ে আছে। ফেরিগুলোর মধ্যে ১০টি অচল এবং বাকিগুলো মেরামতযোগ্য। পন্টুনের মধ্যে নয়টি অচল এবং ১২টি মেরামতযোগ্য। প্রতিটি ফেরির ক্রয়মূল্য ছিল প্রায় সাড়ে চার কোটি টাকা। ক্রয়মূল্য ধরে এগুলোর দাম আছে প্রায় ১৩০ কোটি ৫০ লাখ টাকা। পন্টুনগুলোর নির্মাণব্যয় ছিল ৫৫ কোটি টাকা। এ ছাড়া পরিত্যক্ত অবস্থায় আছে ৩০ কোটি টাকা মূল্যের পুরাতন ও অকেজো লৌহজাত দ্রব্য। সব মিলিয়ে সরকারের ২১৫ কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে।বরিশাল অঞ্চলে ফেরি বিভাগ দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একটি বরিশাল এবং অন্যটি পটুয়াখালী ফেরি বিভাগের আওতায়। বরিশাল ফেরি বিভাগের আওতায় ১৫টি ফেরিঘাট রয়েছে। ১৩টি ঘাট চালু থাকলেও বন্ধ রয়েছে দুটি। এখানে ৩১টি পন্টুন ও ১৯টি ফেরি চলাচল করছে। অন্যদিকে পটুয়াখালী ফেরি বিভাগে রয়েছে ১০টি ফেরিঘাট। এসব ঘাটে মোট ১৮টি ফেরি চলাচল করছে। আর পন্টুন রয়েছে ২২টি। এগুলো ব্যবহার করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, পুরাতন, জরাজীর্ণ ও অচল ফেরি নিয়ে জোড়াতালি দিয়েও চালানো সম্ভব হচ্ছে না বরিশাল বিভাগের ফেরিগুলো। বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম নৌপথের লাহার হাট-ভেদুরিয়া ফেরিঘাটে জাল পেঁচিয়ে আটটি মেশিন নষ্ট হয়ে গেছে। এগুলো মেরামতের জন্য কোনো বরাদ্দ নেই।পটুয়াখালী ফেরি বিভাগের সহকারী প্রকৌশলী মোল্লা মো. মাসুদ হাসান বলেন, পটুয়াখালী ফেরি বিভাগের ১০টি ফেরি ও আটটি পন্টুন মেরামতযোগ্য অবস্থা রয়েছে। ২৫ থেকে ৩০ বছর আগের কেনা ফেরিগুলো রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ওগুলো মেরামত করা যাচ্ছে না। নতুন ফেরি সংযোজন ও পুরোনো ফেরি মেরামত না করলে সড়কের চেয়ে ভয়াবহ পরিস্থিতিতে সৃষ্টি হতে পারে।বরিশাল ফেরি বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন ঘাটে মেরামতযোগ্য ও নষ্ট ফেরিগুলো পড়ে আছে। মন্ত্রণালয়ে জরিপ প্রতিবেদন দেওয়ার পরও অর্থ বরাদ্দ না আসায় ওগুলো মেরামতের জন্য কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। এতে একদিকে যেমন ফেরিগুলোয় মরিচা পড়ে নষ্ট হচ্ছে, পাশাপাশি যন্ত্রাংশ ও অন্য মালামাল চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হলেও ১৬ আগস্ট পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।