নষ্ট হয়ে গেছে হাঁটার রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোথাও নষ্ট, আবার কোথাও দখল হয়ে গেছে উত্তরা ১২ নম্বর সেক্টরের লেকপাড় ধরে হাঁটার রাস্তাটি l প্রথম আলো
কোথাও নষ্ট, আবার কোথাও দখল হয়ে গেছে উত্তরা ১২ নম্বর সেক্টরের লেকপাড় ধরে হাঁটার রাস্তাটি l প্রথম আলো

‘সকাল-বিকেল হাঁটাহাঁটি করতে আগে প্রতিদিন আসতাম। এখন আর হাঁটার পরিবেশ নেই। লেকপাড়ের হাঁটার রাস্তাটি নষ্ট হয়ে গেছে।’ কথাগুলো বলছিলেন উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসিন্দা আমিরুল ইসলাম।
উত্তরা ১২ নম্বর সেক্টরের লেকপাড়ের একমাত্র হাঁটার রাস্তাটি নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী বিভিন্ন সময় রাস্তাটি সংস্কার ও দখলমুক্ত করতে রাজউকের সাহায্য চাইলেও তাতে সাড়া পাননি।
সরেজমিনে দেখা যায়, লেকপাড়ের হাঁটার রাস্তাটি এখন হাঁটার অযোগ্য। বিভিন্ন স্থানে মাটি ধসে গেছে। দুই পাশে বসে গেছে ছোট-বড় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ওষুধের দোকান, খাবার হোটেল ও গড়ে উঠেছে রিকশার গ্যারেজ। এমনকি রাস্তার ওপরেই তৈরি করা হয়েছে নির্মাণশ্রমিকদের থাকার অস্থায়ী ঘর। লেকপাড়ের ওই রাস্তায় লোকের আসা-যাওয়া প্রায় নেই বললেই চলে।
জনপথ সড়কের বটতলা খালপাড় থেকে শুরু হওয়া লেকপাড়ের হাঁটার রাস্তায় কিছু দূর গিয়েই থেমে যেতে হয়। সামনের অংশ পাড় ধসে বিলীন হয়ে গেছে। তাই জনগণ আর ওই পথ ব্যবহার করছে না। সেই সুযোগে হাঁটার রাস্তার পাড় ঘেঁষে গড়ে এসব দোকানপাট গড়ে উঠেছে।
এ বিষয়ে ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে এম নাসিরুল্লাহ বলেন, ‘লেকপাড়ের ওয়াকওয়েটি সংরক্ষণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু যথাযথ কোনো কর্তৃপক্ষের সহযোগিতা পাচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘রাজউকের কাছে গেলে
তারা ওয়াসার কাছে যেতে বলে, আর ওয়াসার কাছে গেলে তারা সিটি করপোরেশনের কাছে পাঠিয়ে দেয়। এভাবেই আমরা দীর্ঘদিন এক দপ্তর থেকে আরেক দপ্তর ঘুরছি, কিন্তু কোনো সাহায্য পাচ্ছি না।’