নষ্ট হয়ে যাচ্ছে শিল্পী সুলতানের বজরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার না করায় শিল্পী সুলতানের স্বপ্নের বজরাটি (নৌকা) নষ্ট হতে বসেছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
সংস্কার না করায় শিল্পী সুলতানের স্বপ্নের বজরাটি (নৌকা) নষ্ট হতে বসেছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

নদীতে ঘুরে ঘুরে দৃশ্য দেখে ছবি আঁকবে শিশুরা—এ ভাবনা থেকে ‘শিশুস্বর্গ’ নামে একটি বজরা তৈরি করেছিলেন চিত্রশিল্পী এস এম সুলতান। সংস্কারের অভাবে সেটি এখন নষ্ট হয়ে যাচ্ছে। এটি রক্ষণাবেক্ষণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

১৯৯২-৯৩ সালে ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ইঞ্জিনচালিত দ্বিতল বজরাটি (নৌকা) তৈরি করান সুলতান। বর্তমানে এটি নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে সুলতান কমপ্লেক্সের পাশে চিত্রা নদীর পাড়ে টিনের ছাউনির নিচে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা আছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বজরাটি নির্মাণে ব্যয় হয় ১০ লাখ টাকা। ১৯৯৪ সালের ১০ অক্টোবর সুলতান মারা যাওয়ার আগে মাস দুয়েক এটিচিত্রা নদীতে ভাসে। সুলতান মারা যাওয়ার পর এটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে যায়। ১৯৯৮ সালের বন্যায় বজরাটি নদীতে ডুবে যায়। নৌবাহিনীর সদস্যরা নদী থেকে সেটি তীরে ওঠান। ২০০০ সালে পাঁচ লাখ টাকা ব্যয় করে কমপ্লেক্সের পূর্ব পাশে ইট-বালু-সিমেন্ট দিয়ে একটি বেদি তৈরি করে তার ওপর বজরাটি রাখা হয়। সর্বশেষ গত বছর এটি রাখার বেদি উঁচুকরণ ও ছাউনির চারপাশে গ্রিল নির্মাণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও তা কার্যকর হয়নি।

নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষও সুলতানপ্রেমীমো. হাফিজুর রহমান বলেন, শিল্পী সুলতান শিশুদের খুব ভালোবাসতেন। নদীতে ভেসে প্রকৃতির দৃশ্য দেখেতারা ছবি আঁকবে—এই চিন্তা থেকে তিনি বজরাটি তৈরি করেছিলেন। কিন্তু শিল্পীর সে স্বপ্ন-সাধ পূরণ হয়নি।

গত বৃহস্পতিবার সুলতানের ৯৩তম জন্মদিনে গিয়ে দেখা যায়, বজরাটির গলুইসহ কয়েকটি কাঠে ঘুণপোকা ধরেছে। বৃষ্টির পানি লেগে কয়েকটি কাঠ পচে নষ্ট হয়ে গেছে। বজরাটির তলা দেবে গেছে। কাঠের ও বাঁশের খুঁটি ভেঙে যাওয়ায় ছাউনির উত্তর পাশের টিন বজরাটির ওপর পড়ে আছে। নদীভাঙনের কবলে পড়ায় ইট-সিমেন্ট ও বালুর তৈরি বেদির উত্তর ও পূর্ব পাশ ধসে পড়েছে। স্থাপনাটি নদীভাঙনের ঝুঁকির মুখে রয়েছে।

দিলীপ কুমার কুণ্ডুসহ সুলতান কমপ্লেক্সের আশপাশের ১০ জন বলেন, গত বছর সুলতান উৎসব শুরুর আগে শিল্পকলা একডেমির মহাপরিচালক নদীর ঘাট পরিদর্শন করেন এবং ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিন্তু এখনো তা করা হয়নি।

জানতে চাইলে জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, শিল্পীর রেখে যাওয়া বজরাটি খুব তাড়াতাড়ি সংস্কারসহ সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।