নষ্টা অপবাদে গৃহবধূর মাথার চুল কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নষ্টা অপবাদ দিয়ে এক গৃহবধূর (২৪) মাথার চুল কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার কাচনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গৃহবধূ রাতে নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ওই গ্রামের শামসুল হক (২৮) সুযোগ বুঝে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শামসুলকে আটক করেন। এরপর কয়েকজন গৃহবধূকে নষ্টা অপবাদ দিয়ে তাঁর মাথার চুল কেটে দেন।
গতকাল শনিবার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক শামসুলকে থানায় নিয়ে আসে।
ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী ঢাকায় রিকশা চালান, মাঝেমধ্যে তিনি বাড়িতে আসেন। এ সুযোগে প্রতিবেশী শামসুল আমার প্রতি কুনজর দেয়। শুক্রবার রাতে ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। এ সময় শামসুল হক ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার চিৎকারে লোকজন ছুটে আসে। পরে আমাকে খারাপ অপবাদ দিয়ে নরেন্দ্রনাথসহ চারজন মিলে আমার মাথার চুল কেটে দেয়। তাদের হাত-পায়ে ধরলেও তারা আমার কথা শোনেনি।’
এ ব্যাপারে নরেন্দ্রনাথ বলেন, ‘ওই মহিলার স্বভাব-চরিত্র ভালো নয়। এ কারণে ঘটনার সময় এলাকার লোকজন তার মাথার চুল কেটে দিয়েছে।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘লোকমুখে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত শামসুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’