নষ্টের আরেক কারণ অননুমোদিত বাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অননুমোদিতভাবে গড়ে ওঠা বাজারগুলো রাস্তা নষ্টের আরেক বড় কারণ। মহাসড়কটির যেসব এলাকায় বাজার রয়েছে, সেসব এলাকায় রাস্তা দ্রুত নষ্ট হয়ে গেছে। কারণ, বাজারের ময়লা-আবর্জনা প্রতিদিন রাস্তার ওপর ফেলা হচ্ছে। আবর্জনামিশ্রিত পানি ও বর্জ্য জমে থাকছে রাস্তার ওপরেই। ফলে রাস্তা নষ্ট হওয়া ত্বরান্বিত হচ্ছে। এ অভিযোগ এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। মাওনা চৌরাস্তার অধিবাসী এনামুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অননুমোদিত বাজার বসার কারণে প্রতিদিনই বর্জ্য ও ময়লা আবর্জনা জমে সড়কের ওপরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাওনা চৌরাস্তা এলাকার ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কার করে কোনো লাভ হবে না। আগে সড়ক ও জনপথের জায়গা থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট-বাজার উচ্ছেদ করতে হবে। রাস্তার ওপর ময়লা ফেলা বন্ধ করতে হবে। তবেই সমস্যার সমাধান হতে পারে।ঢাকা-ময়মনসিংহ সড়কের ভবানীপুর, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ী, নয়নপুর, জৈনা বাজারসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, তাঁরা ছাপরা দোকান ভাড়া বাবদ প্রতি মাসে ইজাদারের প্রতিনিধির কাছে ৯০০ টাকা করে দেন। আবার কেউ কেউ প্রতিদিন ৩০ টাকা করে ভাড়া দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের বাজারগুলো নিয়ন্ত্রণ করছেন। প্রশাসনের লোকজন বাধা দিতে গেলে কোনো কোনো ক্ষেত্রে তাঁদেরও অপমানিত হতে হয়েছে। বাজার পরিচালনার এ ইতিহাস বিগত সরকারগুলো ধারাবাহিকভাবেই করে আসছে বলে জানা গেছে। এসব বাজারের ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় সেগুলো অনেক ক্ষেত্রে রাস্তার ওপর ফেলে রাখা হয়, যা রাস্তা নষ্টের অন্যতম কারণ। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, এ সড়কের ভবানীপুর, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ী, নয়নপুর, জৈনা বাজারসহ বিভিন্ন স্পটে বাজার রয়েছে। যেসব জায়গায় এসব বাজার রয়েছে, সেসব জায়গায় রাস্তাগুলো বেশি নষ্ট হয়েছে। এসব অনুমোদনহীন বাজার কয়েকবার উদ্যোগ নিয়ে উচ্ছেদ করা হয়েছে। অনেক সময় ব্যর্থ হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শিগগির আবার উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ জানান, সড়কের পাশের জায়গাগুলো সড়ক ও জনপথের। কোনো বাজারই উপজেলা প্রশাসন ইজারা দেয়নি। তালিকাভুক্ত নির্দিষ্ট বাজারগুলোই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়ে থাকে।