নসিব পরিবহনের কার্যালয় দখল করতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে নসিব পরিবহনের কার্যালয় দখলে গতকাল বৃহস্পতিবার দুই দফা সশস্ত্র সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের শ্যালক এহসানুল হাসান ওরফে নিপু নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নসিব পরিবহনের ১০ জন মালিক আহত হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এহসানুল ও তাঁর অনুসারীদের চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়ার ১৪ দিনের মাথায় নসিব পরিবহনের কার্যালয় দখলে এ হামলা চালানো হলো। গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে নসিব পরিবহনের মালিকেরা এহসানুলকে চাঁদা দেওয়া বন্ধ করে দেন। পাশাপাশি ভাড়া দুই টাকা কমিয়ে দেন। নসিব পরিবহনের মালিকদের অভিযোগ, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এই পরিবহন থেকে গত সাড়ে চার বছরে প্রায় পাঁচ কোটি টাকা চাঁদা নিয়েছেন।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চলাচল করে নসিব পরিবহন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার দিকে এহসানুল, সাইফুল ইসলাম ও মুরাদের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত সুরমা হোটেলের নসিব পরিবহনের কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে গোলাপ হোসেন নামের ওই পরিবহনের এক মালিক ছিলেন। সন্ত্রাসীরা তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে অন্য মালিকেরা কার্যালয়ে ছুটে আসেন এবং র‌্যাব-পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সদর মডেল থানার এসআই আশরাফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এলে ওই সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে এহসানুলের নেতৃত্বে আবারও হামলা চালানো হয়। দ্বিতীয় দফা হামলার সময় নসিব পরিবহনের মালিকেরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে র‌্যাব ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পিছু হটে।

দ্বিতীয় দফা হামলায় নসিব পরিবহনের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়াল, পরিচালক পারভেজ, আল আমিন, তোফাজ্জল হোসেন, আসলাম, সিরাজসহ ১০ জন আহত হন। তা ছাড়া এহসানুলের ক্যাডার সবুজও আহত হয়েছেন।

নসিব পরিবহনের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়াল বলেন, ঘটনা আঁচ করতে পেরে সকালেই র‌্যাব-পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিলে এই হামলার ঘটনা ঘটত না।

পরিবহনের পরিচালক আল আমিন বলেন, চাঁদাবাজদের চাঁদা দেওয়া বন্ধ করে দেওয়ায় এ হামলা চালানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে এহসানুল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি গত ৩০ আগস্ট স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়ে নসিব পরিবহনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে বাস মালিকদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। আজকের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর র‌্যাবও ঘটনাস্থলে আসে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ শুক্রবার নসিব পরিবহন কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন ডাকা হয়েছে।