নসিবের মালিকদের নামেই এবার চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শামীম ওসমানের শ্যালকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা নসিব পরিবহনের মালিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। দুই মাস আগে চালু হওয়া এবিএস পরিবহনের লাইনম্যান সজল চন্দ্র দাস গতকাল রোববার সদর মডেল থানায় ওই মামলা করেন।
এবিএস পরিবহনের মালিক নূর হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি। নূর হোসেন সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
দুটি পরিবহনের বাসই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পর্যন্ত চলাচল করে। দশম জাতীয় সংসদ নির্বাচনে শামীম ওসমানের দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পরদিনই সিটি করপোরেশনের অনুমতি ছাড়া রাস্তা, ফুটপাত দখল করে যাত্রীছাউনি ও টিকিট কাউন্টার বানিয়ে এবিএস পরিবহনের যাত্রা শুরু করে। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
মামলায় যা আছে: শহরের নতুন খানপুরের বাসিন্দা সজল চন্দ্র দাসের করা মামলায় নসিব পরিবহনের চেয়ারম্যান সৈয়দ আশরাফুল আউয়াল, ব্যবস্থাপনা পরিচালক আল আমিন, পরিচালক মো. আসলাম, তোফাজ্জল হোসেন, মো. বাদল, নুরুল ইসলাম ও হাসান আহম্মেদকে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ, ১৩ জানুয়ারি বেলা ১১টায় আসামিরা কেন্দ্রীয় বাস টার্মিনালে এবিএস পরিবহনের কাউন্টারে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামি সৈয়দ আশরাফুল আউয়াল চাপাতি দিয়ে বাদীর মাথায় আঘাত করেন। আসামিরা এবিএস পরিবহনের কাউন্টার থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। ঘটনাস্থলের দূরত্ব নারায়ণগঞ্জ সদর মডেল থানা থেকে মাত্র ২০০ গজ।
আতঙ্কে নসিব: নসিব পরিবহনের মালিকেরা গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় তাঁর শ্যালক এহসানুল হাসান ওরফে নিপু ২০০৯ সাল থেকে নসিব পরিবহন অবৈধভাবে দখল করে চার বছর সাত মাসে ছয় কোটি ৬০ লাখ টাকা চাঁদা নিয়েছেন। সংবাদ সম্মেলনে শামীম ওসমানের লোকজনকে চাঁদা দেওয়া বন্ধ করে ভাড়া দুই টাকা কমানোর ঘোষণা দেন পরিবহনের মালিকেরা।
পরে একইভাবে বন্ধন পরিবহন লিমিটেড, আনন্দ পরিবহন লিমিটেড ও বাঁধন পরিবহন পৃথকভাবে সংবাদ সম্মেলন করে শামীম ওসমান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন এবং সবাই ভাড়া কমানোর ঘোষণা দেন।
সৈয়দ আশরাফুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাঁদাবাজির বিরুদ্ধে। তাই কারও কাছে চাঁদা দাবির প্রশ্নই আসে না। নসিব পরিবহন দখলের জন্যই হয়রানিমূলক মামলা করা হয়েছে।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের বলেন, উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মামলাটি তদন্ত করবেন। মামলার কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।