নসিমনের চাকায় মায়ের শাড়ি, ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের কোল থেকে সড়কে পড়ে গিয়ে ছেলে নিহত হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার কালিকাপুর মোড়ে গতকাল সোমবার এ ঘটনা ঘটে। শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাকায় মায়ের শাড়ি পেঁচিয়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম নাঈম (ছয় মাস)। সে রাজাপুর গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে। এ ঘটনায় তার মা নাসিমা বেগম (২৮) আহত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে নসিমনে চড়ে জাহাঙ্গীর শেখের স্ত্রী নাসিমা বেগম তাঁর ছেলে নাঈমকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে নসিমনের চাকায় তাঁর পরনের শাড়ি পেঁচিয়ে যায়। নসিমনটি ডুমুরিয়া-বানিয়াখালী সড়কের কালিকাপুর মোড়ে এলে তিনি তাঁর ছেলেসহ ছিটকে সড়কে পড়ে যান। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায় এবং নাসিমা বেগমের ডান পা ভেঙে যায়। পরে পরিবারের লোকজন নাঈমের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।