না কমে আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০১৩ সালে জাহাজ চলাচল ব্যবস্থাপনা ও তথ্যপদ্ধতি চালু করে। ভিটিএমআইএস (ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) নামের এই প্রকল্প চালু করার অন্যতম উদ্দেশ্য ছিল বন্দরের জলসীমায় দস্যুতা ও দুর্ঘটনা রোধ করে নিরাপদ জাহাজ চলাচলের ব্যবস্থা করা। তবে প্রকল্প চালুর পর বন্দর জলসীমায় জাহাজে চুরি-ডাকাতির সংখ্যা না কমে আগের চেয়ে বেড়েছে। কমেনি জাহাজ দুর্ঘটনাও।
বিশ্বজুড়ে পণ্যবাহী জাহাজে দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) তথ্য অনুযায়ী, বন্দরের নতুন প্রকল্প চালু হওয়ার পর গত দেড় বছরে চট্টগ্রাম বন্দরের জলসীমায় বিভিন্ন জাহাজে ২৮টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।
আইএমবির তথ্য অনুযায়ী, প্রকল্প চালু হওয়ার আগের তিন বছরে (২০১১, ২০১২ ও ২০১৩ সালে) বন্দর জলসীমায় যথাক্রমে ১০, ১১ ও ১২টি চুরি-ডাকাতির ঘটনা ঘটে।
বন্দরের হিসাবেই, প্রকল্প চালুর পর গত দেড় বছরে বন্দর জলসীমায় জাহাজ দুর্ঘটনা ঘটেছে ৩২টি। এসব দুর্ঘটনা মূলত এক জাহাজের সঙ্গে আরেক জাহাজের সংঘর্ষ ও নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজের জেটিতে আঘাত করার ঘটনা। প্রকল্প চালুর আগের দেড় বছরে দুর্ঘটনা ঘটে ১১টি।
ভিটিএমআইএস প্রকল্প চালু হওয়ার আগে বেতারবার্তার মাধ্যমে বন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জাহাজ চলাচল তদারক করা হতো। আগে কোনো জাহাজে ডাকাত হানা দিলে তা ওই জাহাজ থেকে বেতারবার্তার মাধ্যমে বন্দরের নিয়ন্ত্রণকক্ষকে জানানো হতো। এরপর বন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিত।
তবে নতুন প্রকল্প চালুর পর সরাসরি বন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে ভিডিও চিত্রের মাধ্যমে জাহাজ চলাচল তদারকির সুযোগ তৈরি হয়েছে। এখন বন্দরের জলসীমায় পণ্যবাহী জাহাজের আশপাশে থাকা কোনো নৌযানকে সন্দেহজনক হিসেবে শনাক্ত করা হলে দ্রুত পদক্ষেপ নিতে পারে বন্দর। একইভাবে ভিডিও দেখে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হওয়ার আগে মাস্টারদের (জাহাজচালক) সতর্ক করে দুর্ঘটনা এড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু এরপরও জাহাজে চুরি-ডাকাতি বা দুর্ঘটনা বাড়ায় প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বন্দর সূত্র জানায়, ভিটিএমআইএসের মাধ্যমে বন্দরের মোট জলসীমার মধ্যে পাঁচ কিলোমিটার (পতেঙ্গা থেকে সাগরের দিকে) এলাকা নিয়ন্ত্রণকক্ষ থেকে ভিডিও চিত্রের মাধ্যমে সরাসরি তদারক করা যায়।
জানতে চাইলে বন্দর পর্ষদের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম গতকাল রোববার প্রথম আলোকে জানান, বন্দরের জলসীমায় মূলত জাহাজের রশি ও পরিত্যক্ত মালামাল চুরির ঘটনা ঘটছে। এটি রোধ করতে হলে জাহাজের মাস্টারদেরও এগিয়ে আসতে হবে। সন্দেহভাজন কোনো নৌযান জাহাজের কাছাকাছি গেলে মাস্টারদের উচিত বিষয়টি বন্দরের নিয়ন্ত্রণকক্ষকে জানানো। অনেক সময় মাস্টাররা বন্দরের নিয়ন্ত্রণকক্ষকে তা না জানিয়ে আইএমবিসহ অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে জানায়। ফলে চুরির অনেক তথ্যে গরমিল থাকে।
মো. জাফর আলম বলেন, পতেঙ্গা মোহনা থেকে সাগরের দিকে বন্দরের জলসীমার আওতা এখন সাত নটিক্যাল মাইল বা ১৩ কিলোমিটার হয়েছে। এই পুরো জলসীমা যাতে প্রকল্পের তদারকির আওতায় আনা যায়, সে জন্য কাজ চলছে। তাহলে ছোটখাটো চুরি বা জাহাজের দুর্ঘটনা আরও কমে আসবে।
বন্দর সূত্র জানায়, বন্দরের জলসীমায় সাগরে কোনো চুরি-ডাকাতির ঘটনা ঘটলে তা কোস্টগার্ডকে জানানো হয়। কোস্টগার্ড দ্রুতগামী নৌযানের মাধ্যমে এসব ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেয়। গত দেড় বছরে বিভিন্ন জাহাজ থেকে চুরি হওয়া ১৪ হাজার মিটার জাহাজের রশি উদ্ধার করেছে সংস্থাটি। এসব রশির আনুমানিক মূল্য দুই কোটি টাকা।
জানতে চাইলে কোস্টগার্ড পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভিটিএমআইএসে যে ক্যামেরা ব্যবহার করা হয়, তা দিয়ে রাতে জলসীমার পুরো চিত্র দেখা যায় না। এ কারণে বন্দরকে অনুরোধ করেছি, যাতে নাইটভিশন ক্যামেরা লাগানো হয়।’ তিনি দাবি করেন, অনেক জাহাজের মাস্টার চট্টগ্রাম বন্দরের বদনাম করার জন্য জলসীমায় আসার পরপরই ‘পাইরেসি কল’ (দস্যুতার সংকেত) পাঠিয়ে দেয় ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর কাছে। এতে দুই ধরনের লাভ হয় তাদের। চুরির ঘটনা দেখিয়ে নিজেরাই জাহাজের রশি বিক্রি করে দেয়।