না খেয়ে আন্দোলনে এসে সুধীরের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাহার-অর্ধাহার নিত্যদিনের সঙ্গী সড়ক ও জনপথ বিভাগের অবসরপ্রাপ্ত কার্যভিত্তিক কর্মচারী সুধীর হালদারের। গতকাল সোমবার সকালেও নাশতা জোটেনি তাঁর পরিবারের কারও। ইটভাটায় কাজে না গিয়ে সংগঠনের (বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন) আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি। সহকর্মীরা তাঁর অবস্থার কথা জানতে চাইলে কেঁদে ফেলেন সুধীর। তিনি জানান, কর্মসূচিতে যোগ দিতে তাঁকে না খেয়ে আসতে হয়েছে। বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় তাঁকে শূন্য হাতে চাকরি থেকে অবসর দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।সুধীর হালদার জানান, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে অবসর নেওয়ার পর থেকে তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। সেখান থেকে প্রতিদিন পান মাত্র ১০০ টাকা। এই টাকা দিয়েই স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন এক ছেলের তিন শিশুসন্তানের সংসার চালাতে হয়। কোনো বেলাতেই পেট পুরে খেতে পান না তাঁরা। অসুখে-বিসুখেও থাকতে হয় বিনা চিকিৎসায়।সওজ বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছয় হাজার ৩৭১টি শূন্য পদে কর্মরত কার্যভিত্তিক (ওয়ার্কচার্জড) কর্মচারীকে জ্যেষ্ঠতার ভিত্তিতে চাকরিতে নিয়মিতকরণ এবং কার্যভিত্তিক কর্মচারী থাকাকালে অবসর নেওয়া কর্মচারীদের অবসর ভাতা চালু করাসহ চার দফা দাবিতে আহূত আন্দোলন কর্মসূচিতে যোগ দিতে আসেন সুধীর হালদারসহ অনেকে। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ সড়ক ভবনে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট করে সওজ শ্রমিক ইউনিয়ন। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, আবদুর রাজ্জাক প্রমুখ।মতিউর রহমান প্রথম আলোকে বলেন, সুধীর হালদারের মতো চতুর্থ শ্রেণীর শত শত কর্মচারী চাকরি থেকে শূন্য হাতে অবসর নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চাকরিকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের দশাও একই রকম।