না খেয়ে দিন কাটছে টর্নেডো দুর্গত কয়েক শ পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামতপুর ও চন্দ্রপুর এবং পার্শ্ববর্তী নবীনগর উপজেলার কোনাউর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাড়িঘরহারা এসব পরিবারকে পুনর্বাসন করার কোনো তৎপরতা দেখা যায়নি। দেওয়া হয়নি পর্যাপ্ত ত্রাণসামগ্রী। সহায়তার নামে যে সামান্য চাল দেওয়া হয়েছে, চুলা ও প্রয়োজনীয় উপকরণাদির অভাবে তাও রান্না করতে পারছে না তারা। এ অবস্থায় না খেয়েই কাটাতে হচ্ছে এসব পরিবারকে।গত বুধবার বেলা ১১টায় মাত্র তিন মিনিটের টর্নেডোয় ওই তিন গ্রামের ৭০০-৮০০ বাড়িঘর বিধ্বস্ত হয়। আহত হয় তিন শতাধিক লোক। ক্ষতিগ্রস্ত এলাকার তদারকিতে নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই তদারকির দায়িত্বে রয়েছেন।কসবা উপজেলা প্রশাসনের তরফে বলা হয়েছে, বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা ৪০০টি। ১৫৮টি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। গুরুতর আহত প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়া হবে। যদিও গতকাল পর্যন্ত তা কাউকে দেওয়া হয়নি। ৪০টি পরিবারের মধ্যে আজ (শুক্রবার) দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হবে। মুক্তিযোদ্ধা বৃদ্ধ সাদেক আলী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের একজন। বুধবারের টর্নেডোতে রিকশা চালিয়ে সংসার চালানো সাদেক আলীর দুটি ঘর উড়ে গেছে। তিনি বলেন, ছেলেমেয়ে নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি। সরকারি সাহায্য বলতে চাল ছাড়া আর কিছু পাইনি। সরেজমিনে গতকাল দেখা যায়, সাদেক আলীর মতো কয়েক শ মানুষ খোলা আকাশের নিচে বসে আছেন। অপেক্ষা করছেন ত্রাণের। এরই মধ্যে গতকাল ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টি তাঁদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।গৃহবধূ জমিলা বেগম কাঁদতে কাঁদতে জানান, তাঁর স্বামী গৃহস্থের কাজ করেন। গোলায় ২৫ মণ ধান ছিল। মেয়ে ও মেয়ের জামাইসহ তাঁরা আটজন ঘরে ছিলেন। টর্নেডোতে তাঁর দুই ঘরের চালই উড়ে যায়। টর্নেডোতে তাঁরা ঘরের নিচে চাপা পড়েন। তাঁর ছোট ছেলে ছাব্বিরকে উড়িয়ে নিয়ে পাশের জমিতে ফেলে টর্নেডো। সবাই না খেয়ে এখন বাইরে কাটাচ্ছেন। কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বলেন, দুর্গত এলাকার বেশির ভাগ মানুষ অসচ্ছল। উপজেলা পরিষদ থেকে তাদের ঘর তুলতে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।এদিকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিম উদ্দীনের সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যাপারে মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহাবুব আলম গতকাল বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ১৬২টি পরিবারের তালিকা করেছি। ১২৬টি পরিবারের বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত। সরকারিভাবে প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। শুক্রবার (আজ) ত্রাণ বাবদ ঢেউটিন ও নগদ টাকা আসার কথা রয়েছে। এলেই তা বিতরণ করা হবে।’