না চাইতে অবস্থাসম্পন্ন নারীকে ভিজিডির কার্ড!
দুস্থ নারীদের বাদ দিয়ে বগুড়ার দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম অবস্থাসম্পন্ন নারীদের ভিজিডির কার্ড দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রিমি বেগম নামের অবস্থাসম্পন্ন পরিবারের এক নারীকে না জানিয়েই ওই কার্ড দেওয়া হয়েছে। ওই নারী চার মাসে কোনো চাল নেননি। তিনি এ ব্যাপারে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
রিমি বলেন, ‘একদিন চেয়ারম্যান অ্যাসা আইডি কার্ড লিয়্যা গেছে। পরে শুনি হামার নামে ভিজিডি কার্ড দিয়্যা কে বা কারা চাল তুলা খাচ্ছে। হামার স্বামীর জমিজমা আছে, হামরা কি জন্যি গরিবের চাল খামো। তাই বিচার চাইয়া অফিসারের কাছে অভিযোগ দিছি।’
এর আগে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নারীদের ছবি বদল করে ভিজিডির চাল আত্মসাৎ করার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ১২ এপ্রিল প্রথম আলোতে খবর প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাটি তদন্তের দায়িত্ব দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান সিরাজুল ইসলামের বিরুদ্ধে শুধু কারণ দর্শানোর নোটিশ দেন ইউএনও।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, দুস্থ নারী উন্নয়ন কর্মসূচির আওতায় গত ১ জানুয়ারি থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ মাসের জন্য ভিজিডির তালিকা করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, চামরুল ইউনিয়নে ভিজিডির তালিকায় ৯ নম্বর ওয়ার্ডের চকসোহাগা গ্রামের রিমি বেগম, কাথহালি গ্রামের আনজুয়ারা বিবি, ডলি খাতুন, সাজাপুর গ্রামের শিরিন বিবি, ১ নম্বর ওয়ার্ডের চামরুল গ্রামের ভাগ্যবতী রানী এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আছুবা বেগমের ছেলের বউ দোবলাপাড়ার নাদিরা বিবি ও কুলছুম বিবির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা সবাই অবস্থাসম্পন্ন পরিবারের সদস্য।
কাথহালি গ্রামের ফেন্সী বিবি, রুলি বিবি, লাইলি বিবিসহ দরিদ্র পরিবারের বেশ কয়েকজন নারী অভিযোগ করেন, সামান্য ভিটার ওপর মাটির ঘরে তাঁরা বসবাস করেন। ভিক্ষা করে তাঁদের সংসার চলে। তার পরও তাঁদের ভিজিডির কার্ড দেওয়া হয়নি।
ছেলের বউয়ের নামে ভিজিডির কার্ড দেওয়ার কথা স্বীকার করে আছুবা বেগম বলেন, ‘আমার ছেলে বেকার, তাই ছেলের বউয়ের নামে ভিজিডির কার্ড দিছি।’ অভিযোগের ব্যাপারে চামরুল ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘নতুন চেয়ারম্যান হিসেবে কাগজপত্র ভালো বুঝি না। মেম্বারদের কারণে কিছু ভুলত্রুটি হয়েছে। তার ক্ষতিপূরণ দিয়েছি।’
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন বলেন, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থাসম্পন্ন পরিবারের নারীদের ভিজিডির কার্ড দেওয়ার অভিযোগটি তিনি ইউএনওকে জানিয়েছেন। ইউএনও মামুনুর রশিদ বলেন, ‘ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমার নেই। তবে খুব শিগগির ভিজিডি তদারকি কমিটির সভা করে কী ব্যবস্থা নেওয়া যায়, তা দেখছি।’