মনোনয়ন না চেয়েও বীরগঞ্জে দল থেকে মনোনয়ন পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। এদিকে তৃণমূল থেকে সমর্থন পেয়েও দলীয় মনোনয়ন-বঞ্চিত হয়েছেন উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম। বঞ্চনায় ক্ষুব্ধ এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আসাদুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বীরগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের কাউন্সিল এবং উপজেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন নির্বাচনে পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। সে অনুযায়ী দলের কেন্দ্রীয় কমিটিতে চিঠিও পাঠানো হয়। দলের নির্দেশে দুই মাস ধরে ব্যাপক প্রচারও চালিয়েছেন এলাকায়। শেষ মুহূর্ত পর্যন্ত উপজেলা ও জেলা দলের নেতাদের সঙ্গে কথা বলে মনোনয়নপত্র কেনেন। কিন্তু বুধবার সকালে হঠাৎ করে ঢাকা থেকে দলের এক নেতা তাঁকে খবর দেন, মেয়র পদে দলের বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
আসাদুল ইসলাম আরও বলেন, খবরটি জানার পর তিনি দলের বীরগঞ্জ থানা কমিটির সভাপতি মনজুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক নাজনূর রহমান শাহ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেন। তখনো তাঁরা বলেন, এটা ভুল করে হয়েছে। আজকের মধ্যে ভুল সংশোধন করে পুনরায় প্রার্থী হিসেবে তাঁর নামে চিঠি যাবে বলে তাঁরা আশ্বস্ত করেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কেন্দ্র থেকে নতুন সিদ্ধান্ত না আসায় তিনি নিশ্চিত হন, তাঁর সঙ্গে দলের নেতারা প্রতারণা করেছেন। এ কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল বিকেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান।
এদিকে না চেয়েও মনোনয়ন পাওয়া পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহারও মনোনয়ন-বঞ্চিত আসাদুল ইসলামের বলা কথার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি মনোনয়ন চাননি। নির্বাচন করতে নিজের ইচ্ছা বা প্রস্তুতি কোনোটাই তাঁর নেই। তিনিও মনে করেছিলেন, ভুল করে তাঁর নাম এসেছে। কিন্তু শেষ মুহূর্তে কেন্দ্র থেকে তাঁকে জানানো হয়, জেনে-বুঝেই দলের মনোনয়ন বোর্ড মেয়র প্রার্থী হিসেবে তাঁর নামে মনোনয়ন দিয়েছে। এ কারণে তিনি গতকাল শেষ মুহূর্তে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন।
বীরগঞ্জ থানা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম বলেন, আসাদুল ইসলাম এবং আমিরুল বাহার দুজনের বক্তব্যই সঠিক। কিন্তু মনোনয়ন প্রার্থী হিসেবে প্রথমে আসাদুল ইসলাম ও পরে আমিরুল বাহারের নাম পাঠানো হয়। আমিরুল বাহার পৌর বিএনপির সভাপতি এবং আসাদুল ইসলাম উপজেলা যুবদলের সভাপতি। দুজনের সাংগঠনিক অবস্থান এবং অন্যান্য দিক বিবেচনা করে নির্বাচনে অপেক্ষাকৃত শক্তিশালী প্রার্থী হিসেবে কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ড আমিরুল বাহারকে মনোনয়ন দেয়।
এ ছাড়া এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মকছেদ আলী মিয়া।
জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়ে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক সপ্তাহ আগে দলে যোগদানকারী সদস্য দেলোয়ার হোসেন। মনোনয়ন-বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা জাপার সহসভাপতি রশিদুল আলম।