না জানি সেই লঞ্চটিই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চডুবির ঘটনায় পরিবারের সাত সদস্যকে হারিয়ে পাগলপ্রায় শামসুন্নাহার (ডানে)।  নিখোঁজ একজনের ছবি হাতে পরিবারের এক সদস্য l প্রথম আলো
লঞ্চডুবির ঘটনায় পরিবারের সাত সদস্যকে হারিয়ে পাগলপ্রায় শামসুন্নাহার (ডানে)। নিখোঁজ একজনের ছবি হাতে পরিবারের এক সদস্য l প্রথম আলো

ঈদের ছুটি শেষে বাড়ি থেকে ঢাকায় ফিরছেন রেখা পারভীনের ভাই, বোন, ভাবিসহ তাঁদের ছেলেমেয়েরা। পরিবারের সাত সদস্যকে বিদায় জানাতে বাড়ি থেকে ফরিদপুরের সদরপুর উপজেলা বাসস্ট্যান্ড পর্যন্ত যান তিনি। এর আগে ভাইবোনদের বিদায় জানাতে সাতরশির গ্রামের বাড়ি থেকে উপজেলা সদর পর্যন্ত আসা হয়নি তাঁর। এবার কী মনে করে বিদায় জানাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পথ হেঁটে যান তাদের সঙ্গে।
মাদারীপুরের শিবচর থেকে লঞ্চযোগে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে ঢাকায় ফেরার কথা ছিল রেখা পারভীনের স্বজনদের। হাসিমুখে তাদের বিদায় দেওয়ার পর বাড়ি ফিরে কিছুক্ষণ পর টেলিভিশনের চ্যানেল ঘোরাতে গিয়ে হঠাৎই তাঁর চোখ আটকাল ‘ব্রেকিং নিউজে’। মাওয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে—এমন সংবাদ দেখে বুকের ভেতরে হঠাৎই কাঁপুনি বেড়ে গেল তাঁর। ভাইবোনসহ তাঁর পরিবারের সাত সদস্যও যে লঞ্চে করেই ঢাকায় ফিরছে। না জানি সেই লঞ্চটিই...
রেখা পারভীনের সাত স্বজন ডুবে যাওয়া পিনাক-৬-এর যাত্রী ছিল। গত সোমবারের পর থেকে তারা সবাই নিখোঁজ।
বার্ধক্য কিছুটা কাবু করলেও ঈদের কয়েকটা দিন ছেলেমেয়ে, নাতি-নাতনি নিয়ে বেশ আনন্দেই কেটেছে রেখা পারভীনের বাবা মোহাম্মদ আলী মাতুব্বরের। পরিবারের সাতজনকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। তাঁর স্ত্রী শামসুন্নাহারের অবস্থাও এখন পাগলপ্রায়। তাঁদের ছয় ছেলেমেয়ে। দুর্ঘটনার পর থেকে তাঁদের ছোট মেয়ে, মেয়ের জামাই, দুই নাতি এবং ছোট ছেলে, ছেলের বৌ ও তাঁদের একমাত্র ছেলে নিখোঁজ।
রেখা পারভীন বলেন, ঈদের আগের দিন রাতে বাড়িতে পৌঁছান তাঁর ছোট বোন শিমু পারভীন ওরফে ফরিদা। সঙ্গে ছিলেন শিমুর স্বামী রুবেল আহম্মেদ, দুই মেয়ে ফাইজা ও ফাতিমা। বৃদ্ধ বাবা-মায়ের কথা ভেবে ঈদের এক সপ্তাহ আগে বাড়িতে স্ত্রী জিয়াসমিন আক্তার ওরফে ইতি, সন্তান ইভানকে পাঠিয়ে দেন তাঁর ভাই সোবহান মাতুব্বর ওরফে সুমন। ঈদের আগের দিন রাতে একাই বাড়িতে আসেন সুমন।
রেখা দাবি করেন, গত শুক্রবার ভাগনি ফাইজার লাশ তাঁরা খুঁজে পান। কিন্তু প্রশাসন বেওয়ারিশ হিসেবে ওই লাশ শিবচরে দাফন করে। ফাইজার পোশাক ও চুল কাটার ধরন দেখে ওই লাশ শনাক্ত করা হয়। কিন্তু আরেকটি পরিবারও ওই শিশুকে তাদের পরিবারের সদস্য বলে দাবি করায় প্রশাসন শেষ পর্যন্ত বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে।