না জানিয়ে কর্মস্থল ত্যাগ করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে: সুপ্রিম কোর্টের সার্কুলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতে কর্মরত বিচারকদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দিয়ে সার্কুলার জারি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেনের স্বাক্ষরে ওই সার্কুলার জারি করা হয়।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উল্লিখিত সার্কুলারের শেষাংশে বলা হয়, অধস্তন আদালতে কর্মরত জেলা ও দায়রা জজ বা জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তা, মুখ্য বিচারিক হাকিম বা মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজদের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবহিতকরণ ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ দেওয়া হলো। ওই নির্দেশনা অমান্য করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে।

সার্কুলারের ভাষ্য, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য কার্যদিবসে কর্মস্থলে অবস্থান করা বাঞ্ছনীয় মর্মে বিভিন্ন সময়ে এই আদালত থেকে সার্কুলার জারি করে অধস্তন আদালতের বিচারকদের বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ না করা-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি গোচরে এসেছে যে বিভিন্ন জেলা ও দায়রা জজ বা জেলা জজ সমপর্যায়ের কর্মকর্তারা, মুখ্য বিচারিক হাকিম বা মুখ্য মহানগর হাকিম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা ওই নির্দেশসমূহ যথাযথভাবে পালন না করে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কর্মস্থল ত্যাগ করেন। এমনকি সপ্তাহের শেষ দিনে নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করেন এবং পরবর্তী কার্যদিবসে বিলম্বে কর্মস্থলে উপস্থিত হন। অনেকে সপ্তাহের অন্যান্য কার্যদিবসেও কর্তৃপক্ষের বিনা অনুমতিতে একাধিকবার কর্মস্থল ত্যাগ করেন।

সার্কুলারে আরও বলা হয়, ফলে একদিকে যেমন বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার প্রাপ্তি হতে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বিচার প্রশাসনে কাজের ধারাবাহিকতা ব্যত্যয়সহ জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিচার প্রশাসনে এরূপ অবস্থা সম্পূর্ণ অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিচার বিভাগীয় কর্মকর্তারা যাতে নির্দিষ্ট সময়ের আগে ও বিনা অনুমতিতে সপ্তাহের শেষ দিনে কর্মস্থল ত্যাগ না করেন বা অন্যান্য কার্যদিবসে কর্মস্থলের বাইরে অবস্থান না করেন এবং সপ্তাহান্তে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে দেরি না করেন তৎমর্মে সবাইকে পুনরায় নির্দেশ প্রদান করা হলো।