বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এটা কীভাবে হয়েছে, কারা করেছে—এ বিষয়ে নানা পথ, নানা মত থাকতে পারে। আমি না জেনে বলতে পারব না।’
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা বাড়িতে বাড়িতে বোমা মারছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ ঘটনারও মামলা হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাবে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না, তা তো হয় না।’
গতকাল বুধবার সকালে চট্টগ্রামে কোস্টগার্ডের এক অনুষ্ঠানে যোগ দেন আসাদুজ্জামান খান কামাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করতে যা করা দরকার, তার সবই করা হচ্ছে। নাশকতা-জঙ্গিবাদ তারাই করছে।