না পাকতেই কেটে ফেলা হচ্ছে ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি। নিরুপায় হয়ে কৃষকেরা আধাপাকা ধান কেটে ফেলছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের জয়রাম ওঝা, চণ্ডিমারী ও শংকরদহ গ্রামে তিস্তার ভাঙন চলছে। ভাঙনের কারণে ইতিমধ্যে দুই শতাধিক পরিবার তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। জমির আমন ধান এখনো পুরোপুরি পাকেনি। তারপরও ভাঙনের আশঙ্কায় সেখানকার লোকজন না পাকতেই ধান কেটে নিয়ে যাচ্ছে। কেননা এতে যা পাওয়া যাবে তাই তাদের ভরসা। এ ছাড়া সামান্য ধানের পাশাপাশি মিলবে খড়। ওই অবস্থায় ধান না কাটলে এই খড়ও হয়তো মিলবে না।গত বুধবার সরেজমিনে দেখা যায়, এলাকার দুলাল মিয়া নদীভাঙনের কবল থেকে জমির ধান রক্ষা করতে আধাপাকা অবস্থায় কাটছেন। তিনি জানান, তিন দিনে তাঁর দুই একর ধানিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। তার মতো অনেক কৃষকের ধানিজমি বিলীন হয়ে গেছে। আবদুর রশিদের চার একর জমির ধান নদীতে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘এখন অন্যের জমিত ঘরবাড়ি তুলি আছি।’ লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বলেন, এবার নদীভাঙন কিছুটা বেশি। ধান কাটার আগেই ভাঙন তীব্র হওয়ায় লোকজন অসহায় হয়ে পড়েছে।