চট্টগ্রাম সিটি করপোরেশনের গলার কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীকে প্রত্যাশিত সেবা দিতে না পারা এবং ক্রমাগত লোকসানের কারণে গত জুন মাসে ‘সিটি ট্যুর সার্ভিস’ প্রকল্পের ১৫টি বাস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। দুই দফায় নিলাম দরপত্র বিজ্ঞপ্তি দিয়েও এসব বাস বিক্রি করতে ব্যর্থ হয়েছে করপোরেশন। প্রথম নিলামে অংশ নেয় মাত্র দুটি প্রতিষ্ঠান। দ্বিতীয় নিলামে কোনো প্রতিষ্ঠানই অংশ নেয়নি।

করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলেন, ১৫টি বাসের সম্ভাব্য বিক্রয়মূল্য ধরা হয় ১ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার টাকা (এর মধ্যে ১০টি সচল বাসের মূল্য ধরা হয় ১ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা। আর ৫টি অচল বাসের মূল্য ধরা হয় ১০ লাখ ৬ হাজার ২০০ টাকা)। বাসগুলোর মধ্যে চালু অবস্থায় রয়েছে ১০টি, অকেজো হয়ে গেছে ৫টি। নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে পতেঙ্গা পর্যন্ত যাত্রী পরিবহন করে চালু থাকা বাসগুলো। সচল ও অচল সব বাস একসঙ্গে নিলামে বিক্রির জন্য গত ১ জুলাই চট্টগ্রামের একটি আঞ্চলিক ও দুটি জাতীয় দৈনিকে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, সিটি ট্যুর সার্ভিসের লক্কড়-ঝক্কর বাসগুলো দিয়ে প্রত্যাশিত সেবা দেওয়া যাচ্ছিল না। তাই এগুলো নিলামে বিক্রি করার সিদ্ধান্ত হয়। নতুন করে আবার সিটি করপোরেশন নগরবাসীর জন্য বাসসেবা চালু করবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত এ বিষয়ে আর ভাবছি না। আগে তো চালিয়ে খুব বেশি বেনিফিট পাইনি। তবে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের আনা-নেওয়ার জন্য বাস সার্ভিস চালু করার একটি পরিকল্পনা রয়েছে।’

সিটি করপোরেশন সূত্র জানায়, প্রথম দফায় বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে মেসার্স আলিফ স্টোর নামের একটি প্রতিষ্ঠান ১৫টি বাসের জন্য দর দেয় ২৮ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা, যা প্রত্যাশিত দরের ৪ ভাগের ১ ভাগ। আর মেসার্স মহিউদ্দীন জাবেদ নামের আরেকটি প্রতিষ্ঠান পাঁচটি গাড়ির জন্য ১৬ লাখ ২৫ হাজার টাকা দর দেয়। এ পাঁচটি গাড়ির জন্য সিটি করপোরেশনের প্রত্যাশিত দর ছিল ৫২ লাখ ৬৭ হাজার ৮৬২ টাকা।

প্রত্যাশিত দর না পাওয়ায় গত ৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিলাম দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে করপোরেশন। গত ২৮ সেপ্টেম্বর ছিল দরপত্রের ফরম গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। কিন্তু এবার একটি দরপত্রও জমা পড়েনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, দুই দফায় প্রত্যাশিত দর না পাওয়ায় এখন তৃতীয় দফায় ই-টেন্ডার পদ্ধতিতে দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  ২০০৬ সালের ১ এপ্রিল এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে চট্টগ্রাম নগরের নারী ও শিশুদের যাতায়াত দুর্ভোগ লাঘবে বাসসেবা চালু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। করপোরেশনের তহবিল থেকে ২০০৬ ও ২০০৯ সালে দুই দফায় ১৯টি বাস কেনা হয়। এসব গাড়ি কেনা হয়েছিল ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকায়। প্রথমে শুধু নারী ও শিশুদের জন্য চালু করা হলেও পরে এই সেবা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর মধ্যে তিনটি বাস সিটি করপোরেশনের কাজে ব্যবহার করা হয়। একটি বাস ঠিকাদারি প্রতিষ্ঠানকে (যাদের কাছ থেকে কেনা হয়েছিল) ফেরত দেওয়া হয়।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার তথ্য অনুযায়ী, ২০১১ সালের মার্চ থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত সিটি ট্যুর সার্ভিসের প্রকল্পে চালক ও শ্রমিকদের বেতন, জ্বালানি ও মেরামত বাবদ খরচ হয়েছে ২ কোটি ১ লাখ ২৬ হাজার ৫২৫ টাকা। ওই সময়ে এসব বাস থেকে আয় হয়েছে মাত্র ১৮ লাখ ৯৯ হাজার ২২৪ টাকা। অর্থাৎ ৩৮ মাসে এই প্রকল্পে সিটি করপোরেশন লোকসান দিয়েছে ১ কোটি ৮২ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে বাসপ্রতি গড়ে লোকসান হয়েছে ২৯ হাজার ৯৭৯ টাকা। পরিবহন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা বলছেন, বাসপ্রতি সিটি করপোরেশনের লোকসানের পরিমাণ অবিশ্বাস্য।

নগরের পরিবহন সমস্যা দূর করতে এ ধরনের বাস সার্ভিস চালুর আগে সঠিক পরিকল্পনা ও লক্ষ্য ঠিক করা উচিত বলে মন্তব্য করেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি পরিবহন বিশেষজ্ঞ সুভাষ বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই এই সেবা চালু করেছিল। ফলে এখন যা হওয়ার তা-ই হয়েছে। এ সেবা কেন চালু করল, আবার কেন বন্ধ করে দিল, তার কিছুই বুঝলাম না।’