দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে প্রতিদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সমালোচনা করেছেন সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।গতকাল বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টা দুদকের জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে সাংবাদিকদের কাছে সাবেক সেতু সচিব জানান, তদন্ত শেষ হওয়ার আগে তা গণমাধ্যমে প্রকাশ হয়ে গেলে, এর প্রভাব অবশ্যই তদন্তে পড়বে। তিনি জানান, এ প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা ষড়যন্ত্র হয়নি। দুদক কর্মকর্তারা না বুঝে যদি কিছু করে ফেলেন, তা আদালতে টিকবে না।পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক যাচাই প্রক্রিয়ায় দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত বিশ্বব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্বব্যাংকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেন মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানান, যে ই-মেইলে তাঁদের বিরুদ্ধে বিশ্বব্যাংকে অভিযোগে পাঠানো হয়েছে, সেই একই ই-মেইলে বিশ্বব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু বিশ্বব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের ছুটিতে পাঠাতে বাধ্য করলেও নিজেদের লোকজনের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল একই সঙ্গে সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী মো. ফেরদৌস ও মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে দুদকের অনুসন্ধান দল। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বে চার সদস্যের দল রাতে জিজ্ঞাসাবাদ করে সেতু বিভাগের প্রকৌশলী কামরুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক আবু সিদ্দিককে।