
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে উপচানো ভিড়। বিকেল সাড়ে পাঁচটার কিছু পরে ব্রেক্সিট নিয়ে চার বিদেশি অতিথির আলোচনা শেষ হলে যখন মাইকে ঘোষণা করা হলো, পরবর্তী অধিবেশন শুরু হবে পনেরো মিনিট পরে, তখন কেউ আসন ছাড়লেন না। বরং বাইরে থেকে আরও লোকজন ঢুকতে শুরু করল। কিন্তু চেয়ার ফাঁকা নেই। লোকজন মেঝেতে বসতে শুরু করে এবং অচিরেই মিলনায়তনের ভেতরে পা রাখার জায়গাও অবশিষ্ট থাকে না।
মানুষের বিপুল আগ্রহের কেন্দ্রবিন্দু ভারতীয় বংশোদ্ভুত এবং ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ব্রিটিশ সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল (ভি এস নাইপল), যাঁর অর্জনের ঝুলিতে রয়েছে নোবেল পুরস্কারসহ কয়েক ডজন উচ্চমর্যাদাসম্পন্ন পুরস্কার এবং ব্রিটিশ নাইটহুড। ঢাকায় ছয় বছর ধরে প্রথমে হে ফেস্টিভ্যাল এবং এখন ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল নামে আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কোনো নোবেল বিজয়ী লেখকের এই উৎসবে আসা এবারই প্রথম।
হলভর্তি মানুষের অপেক্ষার অবসান ঘটল সন্ধ্যা সোয়া ছটায়। স্ত্রী নাদিরা নাইপলসহ তিনি মঞ্চে হাজির হলেন হুইলচেয়ারে বসে। তাঁর বয়স ৮৪, পারকিনসন্স রোগে ভুগছেন। মঞ্চের উজ্জ্বল আলোয় তাঁর তামাটে মুখমণ্ডল প্রশান্ত।
অধিবেশনের নাম রাখা হয়েছে ‘দ্য রাইটার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড—ভি এস নাইপল উইথ আহসান আকবর’। বাংলাদেশি কবি আহসান আকবর, যিনি কবিতা লেখেন ইংরেজিতে, প্রথমে লেখকের জীবন ও কর্ম সম্পর্কে কিছু পরিচয়মূলক কথাবার্তা বললেন। তারপর তিনি লেখকের সঙ্গে গল্প শুরু করলেন, যা থেকে দর্শক-শ্রোতারা ভি এস নাইপলের পূর্বপুরুষের দেশান্তর থেকে শুরু করে তাঁর জন্ম, বেড়ে ওঠা, ইংল্যান্ডে পড়তে যাওয়া এবং লেখকজীবনের শুরুর কাহিনি সংক্ষেপে জানতে পারেন। নাইপল নিজের গল্প শোনেন অন্যের মুখে। এক তরুণ বাংলাদেশি কবি চেষ্টা করছেন তাঁর সম্পর্কে অতীতের স্মৃতি জাগিয়ে তোলার। সেই উসকানিতে নাইপল বললেন, তাঁর বাবা লেখক ছিলেন, তিনিও স্থির করেছিলেন যে লেখক হবেন। কিন্তু যখন লেখার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি দেখতে পেলেন যে তাঁর লেখার কিছু নেই। তিনি খুঁজতে লাগলেন, কী নিয়ে লেখা যায়। লেখক হব, কিন্তু লেখার বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না—এটা খুবই যন্ত্রণাদায়ক। নাইপলের একাধিক লেখায় এ প্রসঙ্গ এসেছে। লেখার বিষয়বস্তু খুঁজে পাওয়াই লেখকের কাজের অর্ধেক। কিন্তু দেখা যাচ্ছে, নাইপলের লেখার পরিমাণ নেহাত কম নয়। উপন্যাস, ভ্রমণকাহিনি, আত্মজৈবনিক রচনা ইত্যাদি মিলিয়ে প্রায় ৫০টি গ্রন্থের রচয়িতা তিনি। জন্মভূমি ত্রিনিদাদ এবং আফ্রিকা, ভারত, ইসলামি বিশ্বের কয়েকটা দেশের মানুষ, তাদের সংস্কৃতি, ধর্মবিশ্বাস, রাজনীতি, ইতিহাস ইত্যাদি বিষয়ে তিনি লিখেছেন।
আহসান আকবর যখনই তাঁর কোনো বই লেখার স্মৃতি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, নাইপল তখনই বলছিলেন, কাজটা সহজ ছিল না। লেখার প্রক্রিয়াকে তিনি বারবার বর্ণনা করেন যন্ত্রণাদায়ক কাজ হিসেবে, যা তাঁকে সারা জীবনই ভুগিয়েছে।
নিজের লেখা সম্পর্কে বলতে গিয়ে তিনি বললেন, নিজের লেখা ব্যাখ্যা করা যায় না। ‘আপনি কীভাবে লেখেন?’ এ রকম প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘আমি যদি বলতে পারতাম আমার মন কীভাবে কাজ করে, তাহলে এটা নিয়েই আর একটা বই লিখে ফেলতে পারতাম।’
লেখকের শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁকে দর্শক-শ্রোতাদের প্রশ্ন করার সুযোগ তেমন রাখা হয়নি। তবু শেষে দুজনকে প্রশ্ন করতে দেওয়া হলে প্রথম প্রশ্নকারী বললেন, ‘আপনি বলছেন লেখার কাজটা খুবই যন্ত্রণাদায়ক, তাহলে কিসের জোরে বা প্রেরণায় আপনি সারা জীবনই লিখে গেলেন?’
নাইপলের চোখে-মুখে কৌতুকের আভাস দেখা দিল। তিনি বললেন, ‘যদি না লিখতাম, তাহলে জীবনে কিছুই করা হতো না।’
শেষ প্রশ্নকারীর প্রশ্ন: আপনাকে আনন্দ দেয় কী?
উত্তরে নাইপল বললেন, ‘সেটা ভেবে দেখতে হবে।’