না হলো মার্কেট, না রইল খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগের কথা। ঠাকুরগাঁও শহরের হলপাড়ার খেলার মাঠে বহুতল মার্কেট হবে জানতে পেরে ফুয়াদ নামের এক কিশোরের মন খারাপ হয়ে যায়। সহপাঠীদের নিয়ে অভিভাবকদের কাছে মাঠটি রক্ষার উদ্যোগ নিতে অনুরোধ করে সে। অভিভাবকেরা চেষ্টা করেও ব্যর্থ হন। সে সময় মার্কেট নির্মাণের জন্য গর্ত করে মাঠটি নষ্ট করে ফেলা হয়। কিছুদিন পর ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বন্ধ করে দেয়।স্থানীয় লোকজন জানান, আজও হলপাড়ার সেই খেলার মাঠে মার্কেট হয়নি। মার্কেটের ভিত্তিপ্রস্তর (ফাউন্ডেশন) করার জন্য গর্ত করায় ওই মাঠটিতে শিশু-কিশোরদের খেলাধুলাও করতে এখন কষ্ট হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ ২০০৯ সালে ঠাকুরগাঁও শহরের নরেশ চৌহান সড়কের জেলা পরিষদের ডাকবাংলোর ফাঁকা জায়গায় (স্থানীয়ভাবে হলপাড়ার খেলার মাঠ হিসেবে পরিচিত) একটি বহুতল মার্কেট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। নির্মাণের ব্যয় ধরা হয় তিন কোটি ৮৯ লাখ ২৭ হাজার টাকা। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মনির আহমেদ অ্যান্ড সন্স এ কাজ পায়। দরপত্রের চুক্তি অনুযায়ী এ বছরের নভেম্বরে কাজ শেষ করার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মো. আসাদুজ্জামান টিটো কাজ শুরু করেন। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ মে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মার্কেট নির্মাণের কাজ উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। ওই সময় নকশা অনুযায়ী মার্কেটের ভিত্তিপ্রস্তর নির্মাণের জন্য অর্ধেক মাঠে গর্ত খোঁড়া হয়। কিন্তু চলতি বিল পাওয়ার প্রক্রিয়ার জটিলতার অজুহাত দেখিয়ে সাত-আট দিন পর কাজ বন্ধ করে চলে যান আসাদুজ্জামান। এরপর মাঠটি এক বছর ধরে ওই অবস্থায় পড়ে রয়েছে। ফুয়াদ বলে, ‘মাঠের জায়গায় মার্কেটের নামে গর্ত করে রাখায় আমরা খেলাধুলা করতে পারি না।’ রোহান বলে, ‘খেলার মাঠে মার্কেট হলে আমাদের অনেক দূরে গিয়ে খেলতে হবে। বাড়ির কাছের এই মাঠটি আমরা কিছুতেই হারাতে চাই না।’ হলপাড়ার বাসিন্দা আহমেদ সুবর্ণ বলেন, ‘মার্কেট নির্মাণের নামে এক বছর ধরে মাঠটিতে গর্ত খুঁড়ে রাখা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয়, এই মাঠে শিশুদের খেলাধুলা বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আসাদুজ্জামান জানান, চলতি বিল পাওয়ার অনুমতির জন্য জেলা পরিষদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। সে অনুমতি পেতে জটিলতা সৃষ্টি হওয়ায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। মন্ত্রণালয় থেকে অনুমতি পেলেই পুনরায় কাজ শুরু করা হবে। মার্কেট নির্মাণের কারণে শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেলে তাঁদের কিছুই করার নেই। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার সিকদার দাবি করেন, জেলা পরিষদ যে জায়গায় মার্কেট নির্মাণ করতে যাচ্ছে, সেটি খেলার মাঠ নয়। এটা জেলা পরিষদের নিজস্ব সম্পত্তি। এখানে মার্কেট হলে শিশু-কিশোরেরা বড় মাঠে গিয়ে খেলাধুলা করলে কোনো অসুবিধা হবে না।