না হলো সড়ক না রইল রাস্তা
রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে ও কালভার্টের জন্য রাস্তা কেটে শেষ পর্যন্ত কার্যাদেশ না পেয়ে কাজ গুটিয়ে নিয়েছেন ঠিকাদার। কিন্তু কালভার্টের জন্য রাস্তার কাটা জায়গাটি বন্যার পানির তোড়ে বিরাট পুকুর হয়ে যাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের নাকাটি-ভাবনাগঞ্জ রাস্তাটি এখন না হলো সড়ক, না রইল রাস্তা।
অথচ ছয়-সাত মাস আগেও ওই রাস্তাটি পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৪-১৫টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল। ভবানীপুর গ্রামের আবদুল মান্নান বলেন, ‘রাস্তাটা কেটে রাখায় ভুল করেছে। পুলটা তৈরি করা হয়ে গেলে সেখানে বন্যায় আর পুকুর হতো না। এটা এখন জনগণের জন্য মরণফাঁদ হয়ে গেছে।’
এলাকাবাসী জানান, ঠিকাদার কালভার্ট তৈরির জন্য রাস্তাটা ১০-১২ ফুট কেটেছিলেন। জুলাই মাসে বন্যায় জায়গাটি ১৫০ থেকে ২০০ ফুট ভেঙে বিরাট পুকুরের মতো হয়ে গেছে। তখন থেকে কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের মানুষ কলাগাছের ভেলায় ওই জায়গা পার হয়ে রাস্তায় উঠতে। আগস্টের শেষ সপ্তাহে সেখানে সাঁকো নির্মাণ করা হয়। ওই সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ পারাপার হচ্ছে।
এলজিইডি পীরগঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে ‘গ্রামীণ টেকসই বস্তুগত উন্নয়ন প্রকল্প’-এর আওতায় চার কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৪০৩ টাকা বরাদ্দ করা হয়। ওই টাকা দিয়ে পীরগঞ্জের ভামদা দাখিল মাদ্রাসা থেকে ভাবনাগঞ্জ পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক নির্মাণ ও মাঝখানে ৩ দশমিক ৬৪০ মিটার দীর্ঘ এবং ১৮ ফুট চওড়া একটি বক্স কালভার্ট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে দরপত্র আহ্বান করা হয় ও ঠিকাদারেরা দরপত্র দাখিল করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো দরপত্র অনুমোদন করা হয়নি।
কিন্তু ঠাকুরগাঁওয়ের এম এ মঈন নামের একজন ঠিকাদার কার্যাদেশ না পেয়েই গত ফেব্রুয়ারিতে রাস্তা ও কালভার্ট নির্মাণের প্রাথমিক কাজ শুরু করে দেন। তিনি রাস্তার দুই ধারে ইটের খোয়া ও কালভার্ট নির্মাণের জন্য মূল রাস্তা কেটে সেখানে রড, পাথর, বালু ও খোয়া ফেলেন। শেষ পর্যন্ত এডিবি থেকে অনুমোদন ও এলজিইডি থেকে কার্যাদেশ না পেয়ে রাস্তা ও কালভার্টের নির্মাণসামগ্রী ফিরিয়ে নিয়ে গেছেন ঠিকাদার। আর রাস্তায় কালভার্টের বদলে সেখানে বিরাট পুকুর হয়ে যাওয়ায় ওই রাস্তা দিয়ে চলাচলে চরম দুর্ভোগের সমঞ্চুখীন হচ্ছে কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৫ গ্রামের হাজার হাজার মানুষ।
ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মামুনুর রশীদ গত বৃহস্পতিবার বলেন, এ বছরের জানুয়ারি মাসে দরপত্রগুলো মূল্যায়নের জন্য এডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, এখনো অনুমোদন পাওয়া যায়নি। নতুন দরপত্র হয়নি, আগেরটিও বাতিল হয়নি। কবে নাগাদ কাজটি শুরু হবে, তা এখন তাঁদের কাছে অনিশ্চিত হয়ে আছে।