না. গঞ্জে গরুবাহী পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার দরিল্লা গ্রামের গরু ব্যবসায়ী হাবিব, পিকাপভ্যানটির চালক রাজু ও সহকারী জুলহাস।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে আড়াইহাজারের পুরিন্দা এলাকার মহাসড়কে ঢাকাগামী গরুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী অগ্রদূত পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা মো. হাবিব (৪৫) ও চালক রাজু (১৮) নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চালকের সহকারী জুলহাসের (১৮) মৃত্যু হয়। পিকআপভ্যানে থাকা দুটি গরুও মারা যায়।

দুর্ঘটনায় আহত পিকআপ ভ্যানের যাত্রী ও গরু ব্যবসায়ী চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর অগ্রদূত পরিবহনের বাসের চালক ও সহকারী পালিয়ে যান। পরে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যান ও বাসটি সরিয়ে নেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।