না. গঞ্জে স্কুলছাত্রী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মাতুয়াইলের স্কুলছাত্রী সোনিয়া আক্তার সাজেদাকে নারায়ণগঞ্জে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে দেলোয়ার হোসে​ন নামের একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রাকিব উদ্দিন রাকিব বলেন, ২০০৮ সালের ২৯ আগস্ট স্কুলে যাওয়ার পথে মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার সাজেদাকে ভয়ভীতি দেখিয়ে আসামি দেলোয়ার নারায়ণগঞ্জে নিয়ে যান। ওই ছাত্রীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দেলোয়ার পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

নিহত সোনিয়ার মা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি দ্রুত রায় কার্যকর করতে সরকারের প্রতি দাবি জানান।