না.গঞ্জ আইনজীবী সমিতির সভাপতিকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় তিন-চার ব্যক্তি তাঁকে এই হুমকি দেন৷ তাঁরা র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে ‘বেশি কথা না বলার এবং বেশি বাড়াবাড়ি না করার’ জন্য সাখাওয়াত খানকে শাসিয়ে যান।
সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, তিনি আদালত থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার দেওয়ার জন্য তাঁর বাড়ি ফিরতে কিছুটা বিলম্ব হয়। ওই সময় কয়েক ব্যক্তি কথা আছে বলে তাঁকে আদালতের পেছনে নিয়ে যান। সেখানে তাঁকে বলেন, ‘আপনি র্যাবের বিষয়ে বেশি বাড়াবাড়ি করছেন। এ রকম করলে পরিণতি ভয়াবহ হবে, গুম হয়ে যাবেন। তাই এ নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না।’
সাখাওয়াত জানান, তিনি ঘটনাটি এসপি খন্দকার মহিদ উদ্দিন এবং ফতুল্লা ও সদর মডেল থানার ওসিকে জানিয়েছেন৷ ফতুল্লা থানার ওসি আসাদুজ্জামান জানান, তাঁর নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় আইনজীবীদের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাখাওয়াত হোসেন৷ তা ছাড়া র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য উচ্চ আদালতে যে তিনজন রিট পিটিশন করেছিলেন, সাখাওয়াত তাঁদের একজন৷