নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে লোকজন যাতে বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান, তার নিশ্চয়তা চেয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৬ জুন ওই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একসময়ের বাণিজ্যকেন্দ্র নারায়ণগঞ্জ কীভাবে সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ত্বকী হত্যা, সাত অপহরণ ও খুনের ঘটনার পর নারায়ণগঞ্জ যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। মানুষ এখন সেখানে যেতেও ভয় পায়। এ অবস্থায় নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন উপনির্বাচনে মানুষ যাতে বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, আমরা তার নিশ্চয়তা চাই। এমনিতেই দেশে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন। তাই এই নির্বাচনের গ্রহণযোগ্যতার পাশাপাশি নারায়ণগঞ্জের মানুষ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, সেটাও নিশ্চিত করা দরকার।
ড. কামাল হোসেন, এম হাফিজউদ্দিন খান, এএসএম শাহজাহান, রাশেদা কে চৌধূরী, হায়দার আকবর খান রনো, মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, সৈয়দ আবুল মকসুদ, জাফরুল্লাহ চৌধুরী, শাহদীন মালিক, মাহমুদুর রহমান মান্না, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক লতিফা আকন্দ, অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আমেনা মোহসিন, সালমা খান, ফরিদা আক্তার, আনু মুহাম্মদ, মামুন রশীদসহ ৯০ বিশিষ্ট নাগরিক এই বিবৃতি দেন৷ বিজ্ঞপ্তি৷