না.গঞ্জকে 'শান্তির জনপদ' বানাতে চান সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেলিম ওসমান বলেছেন, নির্বাচিত হলে তিনি নারায়ণগঞ্জকে শান্তির জনপদে পরিণত করবেন।
প্রতীক পাওয়ার পর জাপার প্রার্থী সেলিম ওসমান বলেন, ‘গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জে অশান্তি বিরাজ করছে। জনগণ মনে করছে, এ অবস্থা উত্তরণে আমাকে প্রয়োজন। তাই জনগণের চাপে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে শান্তির জনপদে পরিণত করব।’
নির্বাচনে তাঁর পক্ষে প্রভাব বিস্তার করা হতে পারে—এমন অভিযোগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ওসমান বলেন, ‘তিন পুরুষ নারায়ণগঞ্জে রাজনীতি করছে ওসমান পরিবার। ওসমান পরিবারের রাজনীতি জনগণকে নিয়ে। তাই জনগণই আমাদের নির্বাচন করবে। প্রভাব বিস্তারের অভিযোগ সঠিক নয়। আমারও দাবি, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে।’
শোকসভার নামে তাঁর ছোট ভাই শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার চালাচ্ছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেলিম ওসমান বলেন, ‘আমার ভাই নাসিম ওসমান, যিনি চারবার সংসদ সদস্য হয়েছিলেন, তাঁর মৃত্যুতে শোকসভা তো হবেই। শোকসভায় আমাদের পরিবারের লোকজন তো উপস্থিত হতেই পারে। তবে আমার ভাই শামীম ওসমানকে অনুরোধ করব, এ রকম অনুষ্ঠানে না যাওয়ার জন্য। আমার নির্বাচন করবে জনগণ, শামীম ওসমান নয়।’
জাপার এই প্রার্থী আরও বলেন, ‘আমার এলাকার লোকজন মনে করেছে, আমাকে এই এলাকায় মনোনয়ন দেওয়া হলে এই অশান্তিটা দূর করতে পারব। আমার পরিবার রাজনীতিতে থাকলেও আমি ১৯৭৪ সালের পর থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার বড় ভাইয়ের ইন্তেকালের পর আমার পরিবার ও নারায়ণগঞ্জের মানুষ বাধ্য করেছেন আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।’