না.গঞ্জে ইমন হত্যায় চাচাতো ভাইয়ের কারাদণ্ড
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকার স্কুলছাত্র রফিকুল হাসান ইমন হত্যা মামলায় তার চাচাতো ভাই আল আমিনকে কিশোর অপরাধ আইনে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালত এ রায় দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী নবী হোসেন বলেন, নিহত রফিকুল হাসান ইমনের বাবা নুরু মিয়া মরিশাসপ্রবাসী। বিদেশ যাওয়ার টাকা জোগাড় করার জন্য আল আমিন তার সহযোগীদের নিয়ে ইমনকে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে অপহরণকারীদের চিনে ফেলায় ইমনকে হত্যা করে তারা। এ ব্যাপারে নিহত ইমনের মা ফেরদৌসী বেগম মামলা করেন। ওই মামলায় আদালত আজ আল আমিনকে ১০ বছরের সাজা দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী জানান, হত্যাকাণ্ডের ঘটনার সময় আল আমিনের বয়স ১৭ বছর চার মাস হওয়ায় কিশোর অপরাধ আইনে তার বিচার হয়। মামলার অন্যান্য আসামি সাঈদুল, জীবন, তোফাজ্জল ও জামানের বিচারের বিষয়ে আগামী ১ জুন শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার রায়ে ইমনের মা ফেরদৌসী বেগম সন্তুষ্টি প্রকাশ করেন। তবে আসামিপক্ষের কেউ এ ব্যাপারে কথা বলতে চাননি।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রহিম জানান, কিশোর অপরাধ আইনে আল আমিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।